মাকে হারালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুক্রবার তাঁর মা সাবিত্রী দেবীর প্রয়াণের খবর পেয়ে ফোন করে যোগীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রীর মাতৃবিয়োগে গভীর শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
যোগীর মায়ের প্রয়াণে শোকবার্তায় শাহ লেখেন, ‘‘সাবিত্রী দেবীর প্রয়াণ অত্যন্ত বেদনাদায়ক। মাকে হারানোর ক্ষতি কোনও দিন পূরণ হওয়ার নয়। এই কঠিন সময়ে যোগীজি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা।’’
শুধু সমবেদনা জানানোই নয়, আত্মার শান্তি কামনা করেছেন শাহ। ঈশ্বরের চরণে সাবিত্রী দেবীর স্থান হোক এবং এই গভীর শোক সামলানোর শক্তি যোগীর পরিবার পাক— এমনই প্রার্থনা করেছেন তিনি। বার্তার শেষে লিখেছেন, ‘‘ওম শান্তি, শান্তি, শান্তি।’’
শোকপ্রকাশ করেছেন রাজনাথও। তাঁর কথায়, জীবনের যে কোনও বয়সে মায়ের স্নেহ-আশ্রয় হারানো সবচেয়ে বড় এবং অসহনীয় আঘাত। যোগীর মায়ের প্রয়াণের খবর শুনে তিনি অত্যন্ত ব্যথিত বলেও জানিয়েছেন। শোকবার্তায় রাজনাথ লিখেছেন, এই কঠিন সময়ে যোগী এবং তাঁর পরিবারের পাশে রয়েছেন তিনি। প্রয়াত সাবিত্রী দেবীর আত্মার শান্তিও কামনা করেছেন প্রতিরক্ষামন্ত্রী।
এ দিকে যোগীর মায়ের প্রয়াণে উত্তরপ্রদেশ বিজেপির রাজনৈতিক মহলেও শোকের আবহ। বিজেপির মহিলা মোর্চার প্রদেশ প্রবাস বৈঠকে প্রয়াত সাবিত্রী দেবীর প্রতি শ্রদ্ধা জানিয়ে দু’মিনিট নীরবতা পালন করা হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক ও কেশব প্রসাদ মৌর্য। ছিলেন রাজ্য বিজেপির সভাপতি পঙ্কজ চৌধুরীও।
যোগী আদিত্যনাথের ব্যক্তিগত জীবনে মায়ের ভূমিকা বরাবরই গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী হওয়ার পরও বিভিন্ন সময়ে মায়ের সঙ্গে তাঁর সাক্ষাতের ছবি প্রকাশ্যে এসেছে। রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও মায়ের প্রতি তাঁর টান ছিল স্পষ্ট। ফলে মাতৃবিয়োগের এই ঘটনায় উত্তরপ্রদেশের রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।
শুক্রবার প্রধানমন্ত্রীর ফোন, শাহ ও রাজনাথের শোকবার্তা এবং বিজেপির বৈঠকে নীরবতা— সব মিলিয়ে যোগীর শোকের সময়ে দল ও সরকারের শীর্ষ নেতৃত্ব তাঁর পাশে থাকার বার্তাই দিল।