ভারতের প্রথম দেশীয় বার্ড ফ্লু টিকা তৈরি!

ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বার্ড ফ্লু বা পাখির জ্বরের টিকা আনুষ্ঠানিকভাবে দেশের উদ্দেশে উৎসর্গ করলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। শুক্রবার এই টিকা দেশকে উৎসর্গ করে তিনি বলেন, এটি গোটা দেশের কাছে গর্বের মুহূর্ত। ভারতীয় কৃষি গবেষণা পরিষদের (ICAR) অধীন ভোপালের NIHSAD গবেষণাকেন্দ্রের বিজ্ঞানীরা এই টিকা তৈরি করেছেন। তাঁর মতে, আত্মনির্ভর ভারত গড়ার পথে এটি একটি বড় পদক্ষেপ।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিবরাজ সিং চৌহান বলেন, “এটি দেশের কাছে অত্যন্ত গর্বের মুহূর্ত। প্রথম বার্ড ফ্লু টিকা তৈরি হয়েছে। এর মাধ্যমে ভারতের বিজ্ঞানীদের দক্ষতা ও সামর্থ্য প্রমাণিত হল। ICAR-NIHSAD-এর বিজ্ঞানীরাই এই টিকা তৈরি করেছেন।”ভারতে আগেও টিকা তৈরির সাফল্যের কথা তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী। করোনার টিকা তৈরির উদাহরণ দিয়ে তিনি বলেন, মাত্র ৯ মাসের মধ্যে দেশে দু’টি কোভিড টিকা তৈরি হয়েছিল। তাঁর কথায়, এই সাফল্য ভারতীয় বিজ্ঞানীদের ক্ষমতারই প্রমাণ।

এ দিন আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন শিবরাজ। তিনি জানান, ভোপালের NIHSAD গবেষণাকেন্দ্রে তৈরি করা হবে BSL-4 ল্যাবরেটরি। এই ধরনের ল্যাবরেটরিতে অত্যন্ত সংক্রামক জীবাণু নিয়ে গবেষণা করা যায়।সোশ্যাল মিডিয়া ‘এক্স’-এ একটি পোস্টেও এই সাফল্যের কথা জানান কেন্দ্রীয় মন্ত্রী। তিনি লেখেন, ভারতের পশুস্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক সাফল্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় তৈরি দেশের প্রথম দেশীয় H5N1 বার্ড ফ্লু টিকা শুক্রবার দেশের উদ্দেশে উৎসর্গ করা হয়েছে। এই টিকা পোলট্রি শিল্পকে সুরক্ষিত রাখতে এবং মুরগি পালনকারী কৃষকদের জীবিকা বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। টিকা তৈরির সঙ্গে যুক্ত বিজ্ঞানী ও গবেষকদেরও অভিনন্দন জানান তিনি।

একটি ভিডিও বার্তায় শিবরাজ বলেন, বার্ড ফ্লু এমন একটি রোগ, যা ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষতি হয়। এই রোগে বহু মুরগির মৃত্যু হয়। পাশাপাশি, আক্রান্ত মুরগি থেকে মানুষের শরীরেও সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকে। তাঁর দাবি, ভারতে এখনও পর্যন্ত ৫০০ বারেরও বেশি বার বার্ড ফ্লু ছড়ানোর ঘটনা ঘটেছে। তবে এবার দেশীয় টিকা তৈরি হওয়ায় মুরগিকে এই রোগ থেকে রক্ষা করা সম্ভব হবে। এর ফলে মানুষের মধ্যে সংক্রমণের ঝুঁকি এবং রোগের কারণে আর্থিক ক্ষতিও কমানো যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দেশের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা এবং ভারতকে বদনাম করার চেষ্টা করা ব্যক্তিদেরও জবাব দিয়েছেন বলে দাবি করেন শিবরাজ। তাঁর বক্তব্য, ভারত এখন উন্নত দেশ হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে। আত্মনির্ভর ভারত গড়ার উদ্যোগে কৃষি ও তার সহযোগী ক্ষেত্রগুলির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এই উদ্যোগের ফলে ৫০ কোটি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছেন বলেও দাবি করেন তিনি।

কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির কথাও তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর দাবি, চাল উৎপাদনে চিনকে পিছনে ফেলে বিশ্বে প্রথম স্থানে উঠে এসেছে ভারত। দুধ উৎপাদনেও ভারত বিশ্বের এক নম্বরে। মাছ উৎপাদনের ক্ষেত্রেও দেশের স্থান শীর্ষে। শিবরাজের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে খাদ্যশস্য উৎপাদন ২৬৫ মিলিয়ন টন থেকে বেড়ে ৩৭৮ মিলিয়ন টন হয়েছে। উদ্যানজাত ফসলের উৎপাদন ২৮০ মিলিয়ন টন থেকে বেড়ে ৩৬৬ মিলিয়ন টনে পৌঁছেছে। অন্যদিকে, ফলের উৎপাদন ৫৪ লক্ষ টন থেকে বেড়ে ১ কোটি ২৩ লক্ষ টনেরও বেশি হয়েছে।

উল্লেখ্য, বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা একটি গুরুতর সংক্রামক রোগ। মুরগি-সহ বিভিন্ন প্রজাতির পাখি এই রোগে আক্রান্ত হতে পারে। রোগের প্রকোপে আক্রান্ত পাখিদের মধ্যে মৃত্যুর হার ১০০ শতাংশ পর্যন্ত হতে পারে। ফলে পোলট্রি ব্যবসায়ীদের বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। সংক্রমণ ঠেকাতে বহু পাখি মেরে ফেলতে হয়। পাশাপাশি, ব্যবসা-বাণিজ্যেও বিধিনিষেধ জারি হতে পারে। এর প্রভাব পড়ে মুরগি ও ডিমের বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং খামারিদের জীবিকার উপর। ২০০৬ সালে ভারতে প্রথম বার্ড ফ্লু ধরা পড়ে। এরপর থেকে H5N1 এবং H5N8—এই দুই ধরনের ভাইরাসের কারণে দেশে ৫০০-রও বেশি সংক্রমণের ঘটনা নথিভুক্ত হয়েছে।