ইরান জৈবিক বা রাসায়নিক অস্ত্র তৈরি করছে— আমেরিকার এমন অভিযোগকে সরাসরি খারিজ করল তেহরান। বরং ওয়াশিংটনের সাম্প্রতিক দাবি ২০০৩ সালের ইরাক যুদ্ধের আগে আমেরিকার ‘গণবিধ্বংসী অস্ত্র’ সংক্রান্ত অভিযোগের কথাই মনে করিয়ে দিচ্ছে বলে পাল্টা আক্রমণ করেছে ইরান। তেহরানের দাবি, সেই সময়ের মতোই এ বারও ‘অপ্রমাণিত গোয়েন্দা তথ্য’কে সামনে এনে যুদ্ধের পক্ষে জনমত তৈরি করার চেষ্টা চলছে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই বৃহস্পতিবার সমাজমাধ্যমে আমেরিকার বিরুদ্ধে তোপ দাগেন। তাঁর দাবি, ইরানের বিরুদ্ধে আমেরিকার অভিযোগের ভাষা বদলালেও মূল গল্প একই থেকে যাচ্ছে। এক সময় ছিল ‘ইরানের পরমাণু হুমকি’, এখন সামনে আনা হচ্ছে জৈব ও রাসায়নিক অস্ত্র তৈরির অভিযোগ।
এই প্রসঙ্গেই ২০০৩ সালে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে তৎকালীন মার্কিন বিদেশসচিব কলিন পাওয়েলের বক্তব্যের কথা টেনে আনেন বাঘাই। তিনি বলেন, ইরাকের হাতে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে— এমন দাবির সমর্থনে পাওয়েল নিরাপত্তা পরিষদে একটি ছোট শিশি তুলে ধরেছিলেন। পরবর্তী সময়ে ইরাকে সেই ধরনের অস্ত্রের অস্তিত্বের প্রমাণ না মেলায় ওই ঘটনা আমেরিকার গোয়েন্দা ব্যর্থতার অন্যতম বড় উদাহরণ হয়ে ওঠে।
বাঘাইয়ের অভিযোগ, ইরাকের কাছে গণবিধ্বংসী অস্ত্র থাকার ‘অপ্রমাণিত’ দাবিকে ব্যবহার করে সামরিক অভিযানের পক্ষে জনমত তৈরি করা হয়েছিল। তার ফল ছিল ভয়াবহ। শুধু ইরাক নয়, গোটা পশ্চিম এশিয়া এবং শেষ পর্যন্ত আমেরিকাও তার প্রভাব থেকে মুক্তি পায়নি বলে দাবি ইরানের।
তাঁর প্রশ্ন, ‘‘২০০৩-এর ভয়াবহ অভিজ্ঞতা থেকে কি বিশ্ব কিছু শিখেছে? নাকি আবারও একই ভাবে জনমতকে প্রভাবিত করার চেষ্টা হবে?’’ নতুন অভিযোগকে তিনি সেই পুরনো ‘চিত্রনাট্য’-এর পুনরাবৃত্তি বলেও কটাক্ষ করেন।
এর মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুর তুলনামূলক নরম। তিনি জানিয়েছেন, ইরান নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে তিনি তাড়াহুড়ো করছেন না। চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও ইরান যুদ্ধের প্রসঙ্গ উঠেছে বলে জানিয়েছেন ট্রাম্প। ফলে ইরানকে ঘিরে নতুন করে উত্তেজনা বাড়ার মধ্যেই কূটনৈতিক সমীকরণেও নজর রাখছে গোটা বিশ্ব।