স্থলভাগে আছড়ে পড়ার পর থেকেই শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবারের মধ্যেই আরও দুর্বল হয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হবে সেটি। তবে ঝড় বিদায় নিলেও তার রেশ থাকছে বৃষ্টিতে। শনিবার উত্তর ও দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। রবিবার থেকেই আবহাওয়ার উন্নতি শুরু হবে। মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে ফিরতে পারে পুরোপুরি শুষ্ক আবহাওয়া।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
হাওয়া অফিস জানিয়েছে, শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদের এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেখানে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রপাতের আশঙ্কা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে।
উত্তরবঙ্গেও শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের কোথাও কোথাও বজ্রপাত এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
কলকাতাতেও শনিবার সকাল থেকে মেঘলা আকাশ এবং দুপুর পর্যন্ত কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিতে বিরতি আসতে পারে। বিকেলের দিকে আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কমবে। রবিবারও শহরে আংশিক মেঘলা আকাশের সঙ্গে দু’-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।
রবিবার ও সোমবার উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার থেকে বদলাবে পরিস্থিতি। রাজ্যের সর্বত্রই শুষ্ক আবহাওয়া ফিরবে। কমতে শুরু করবে রাতের তাপমাত্রা, ফলে পশ্চিমের জেলাগুলিতে বাড়বে শীতের আমেজ। দিনের তাপমাত্রা অবশ্য সামান্য বাড়তে পারে। অর্থাৎ, আকভানের বিদায়ের সঙ্গে সঙ্গেই বঙ্গে শুরু হতে পারে শীতের নতুন পর্ব।