AIFF-এর সভাপতি পদে অরবিন্দ মেনন?

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সভাপতি নির্বাচনে লড়াইয়ের ইচ্ছা প্রকাশ করলেন অরবিন্দ মেনন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের অন্যতম কার্যকর্তা তথা বিজেপির প্রাক্তন জাতীয় সম্পাদক মেনন জানিয়েছেন, সভাপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি। তাঁর এই ঘোষণার পরই ভারতীয় ফুটবলের প্রশাসনিক মহলে নতুন করে শুরু হয়েছে অঙ্ক কষা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

উত্তরপ্রদেশ ফুটবল সংস্থার সভাপতি মেনন সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচনে লড়ার ইচ্ছার কথা জানিয়েছেন। আগামী ২০ ডিসেম্বর এআইএফএফ সভাপতি পদে নির্বাচন হওয়ার কথা। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে।

মেননের প্রার্থী হওয়ার ঘোষণায় সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে বর্তমান সভাপতি কল্যাণ চৌবেকে ঘিরে। সভাপতি পদে তাঁর ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। একই সঙ্গে প্রাক্তন সভাপতি প্রফুল্ল পটেলও নির্বাচনে দাঁড়াবেন কি না, সেই প্রশ্নও রয়েছে। পটেল এখনও তাঁর প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেননি।

কে এই অরবিন্দ মেনন? আরএসএসের সঙ্গে দীর্ঘ দিনের যোগাযোগের পাশাপাশি বিজেপির জাতীয় সম্পাদক হিসাবেও দায়িত্ব সামলেছেন তিনি। ২০২৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপির জাতীয় পর্যবেক্ষকের দায়িত্বেও ছিলেন। কেরলে জন্ম হলেও মেননের বেড়ে ওঠা বারাণসীতে। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং কমার্সে ডক্টরেট করেছেন।

ফুটবল প্রশাসনের সঙ্গে তাঁর সরাসরি যোগ অবশ্য তুলনায় সাম্প্রতিক। গত ছয় বছর ধরে উত্তরপ্রদেশ ফুটবল সংস্থার সভাপতি তিনি। ছাত্রজীবনে বিশ্ববিদ্যালয়ের মাঠে ফুটবল খেলেছেন বলেও জানিয়েছেন। তবে উত্তরপ্রদেশ ফুটবলের উন্নয়নে তাঁর প্রশাসনিক ভূমিকা নিয়ে বিশেষ সাফল্যের দাবি এখনও সামনে আসেনি।

তা হলে এআইএফএফের শীর্ষ পদে বসে কী বদল আনতে চান মেনন? সাক্ষাৎকারে ভারতীয় ফুটবল নিয়ে নিজের ভাবনার কথা বলেছেন তিনি। কিন্তু তাঁর নেতৃত্বে দেশের ফুটবল কতটা লাভবান হবে, তার উত্তর আপাতত ভবিষ্যতের গর্ভেই। এখন নজর ২০ ডিসেম্বরের ভোটে—আর তার আগে কল্যাণ, পটেল ও মেননকে ঘিরে জমে ওঠা লড়াইয়ের দিকে।