‘গ্লোবাল পিস অনার্স ২০২৬’ সম্মানে ভূষিত সচিন তেন্ডুলকর

শনিবার রাতে মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ায় ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে ‘গ্লোবাল পিস অনার্স ২০২৬’ সম্মানে ভূষিত করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

সচিন তেন্ডুলকর ফাউন্ডেশনের মাধ্যমে সমাজসেবামূলক কাজের জন্য এই সম্মান পেয়েছেন সচিন। বিশেষ করে আদিবাসী ও পিছিয়ে পড়া পরিবারের শিশুদের খেলাধুলোর সুযোগ করে দেওয়া এবং মেয়েদের খেলায় অংশগ্রহণে উৎসাহিত করার জন্য তাঁকে এই সম্মান দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, সুনেত্রা অজিত পওয়ার, অনন্ত আম্বানি এবং অভিনেতা রণবীর সিং-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। অমৃতা ফড়ণবীসের প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংস্থা ‘দিব্যজ ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত হয়েছিল ‘গ্লোবাল পিস অনার্স ২০২৬’। বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে যোগ দেন। প্রতি বছর এই অনুষ্ঠানের মাধ্যমে সন্ত্রাসবাদী হামলায় নিহতদের স্মরণ করা হয়। পাশাপাশি, যাঁরা শান্তি, সাহস ও মানবতার পক্ষে কাজ করেছেন, তাঁদের সম্মান জানানো হয়।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর দফতরের তরফে সমাজমাধ্যমে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস ভারতরত্ন সচিন তেন্ডুলকরকে ‘গ্লোবাল পিস অনার্স ২০২৬’ সম্মান প্রদান করেছেন। সচিন তেন্ডুলকর ফাউন্ডেশনের মাধ্যমে তিনি আদিবাসী ও পিছিয়ে পড়া পরিবারের শিশুদের ফুটবল, বাস্কেটবল, কুস্তি, বক্সিং এবং অ্যাথলেটিক্সের মতো খেলায় অংশ নেওয়ার সুযোগ করে দিচ্ছেন। বিশেষ করে মেয়েদের খেলাধুলোর প্রতি আগ্রহ বাড়াতে কাজ করছেন তিনি। অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, সুনেত্রা অজিত পওয়ার, রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্ত আম্বানি, অমৃতা ফড়ণবীস এবং অভিনেতা রণবীর সিং উপস্থিত ছিলেন। সচিনকে এই সম্মান পাওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসও। ক্রিকেটের মাঠে সচিনের অসাধারণ কৃতিত্বের পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও খেলাধুলোর মাধ্যমে শিশুদের জীবন বদলাতে তাঁর উদ্যোগের প্রশংসা করেছেন তিনি।

সমাজমাধ্যমে ফড়ণবীস লেখেন, “ভারতরত্ন সচিন তেন্ডুলকরকে ‘গ্লোবাল পিস অনার্স ২০২৬’ পাওয়ার জন্য আন্তরিক অভিনন্দন। ক্রিকেটের মাঠে অসাধারণ কৃতিত্বের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন তিনি। পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও খেলাধুলোর বিভিন্ন উদ্যোগের মাধ্যমে অসংখ্য শিশুর জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছেন। তাঁর এই অবদান সত্যিই প্রশংসনীয়।” অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অমৃতা ফড়ণবীস ও দিব্যজ ফাউন্ডেশনকে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য অভিনন্দন জানান সচিন। একই সঙ্গে ২৬/১১-র মুম্বই জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। যাঁরা ওই হামলায় প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের পরিবারের পাশে থাকার কথাও বলেন ক্রিকেট কিংবদন্তি।

সচিন বলেন, “এই অসাধারণ কাজের জন্য অমৃতাজি এবং দিব্যজ ফাউন্ডেশনকে অভিনন্দন জানাতে চাই। শান্তি ও সম্প্রীতির এই বার্তা ছড়িয়ে দেওয়া আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় নিজেদের নিরাপদ জীবনকে স্বাভাবিক বলে ধরে নিই। বাড়িতে থাকি, সব কিছু ঠিকঠাক চলে। কিন্তু অনেক জায়গায় পরিস্থিতি একেবারেই আলাদা। আমরা এখন এমন একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছি, যেখানে ২৬/১১-র ঘটনা ঘটেছিল। কী হয়েছিল, তা আমাদের সকলের জানা। যাঁরা নিঃস্বার্থভাবে নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাঁদের আমি শ্রদ্ধা জানাই। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন এবং এখনও সেই অপূরণীয় ক্ষতি বয়ে বেড়াচ্ছেন, সেই পরিবারগুলির প্রতিও আমার শ্রদ্ধা রইল।”