কলকাতা ও শিলিগুড়িতে আর মিলবে না বাংলাদেশ ভিসা পরিষেবা?

একদিকে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, অন্যদিকে ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন! দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে যখন নানা প্রশ্ন উঠছে, ঠিক তখনই সামনে এল আরও একটি তাৎপর্যপূর্ণ খবর। কলকাতা ও শিলিগুড়িতে বন্ধ হতে চলেছে বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র। আগামী ৩০ নভেম্বরের পর থেকেই আর মিলবে না এই দুই কেন্দ্রের পরিষেবা। ১ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাবে বর্তমান ঠিকানায় ভিসার আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া। কিন্তু কেন এই সিদ্ধান্ত? শুধুই কি চুক্তির মেয়াদ শেষ হওয়ার কারণে, নাকি এর পিছনে রয়েছে আরও কোনও কূটনৈতিক তাৎপর্য? প্রশ্ন উঠছে নানা মহলে।

আরপ্লাস নিউজ ডিজিটাল দেস্ক

বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র পরিচালনার দায়িত্বে থাকা বেসরকারি সংস্থা DU Digital Global Limited-এর সঙ্গে চুক্তির মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হচ্ছে। আর সেই চুক্তি নতুন করে নবীকরণ না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।ফলে ১ ডিসেম্বর থেকে এই সংস্থার পরিচালিত বর্তমান কেন্দ্রগুলিতে আর ভিসার আবেদন জমা দেওয়া যাবে না। আবেদনকারীদেরও ৩০ নভেম্বরের পর এই দুই কেন্দ্রে আবেদন জমা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু এরপর কোথায় জমা পড়বে ভিসার আবেদন? কোন সংস্থার হাতে থাকবে নতুন করে ভিসা পরিষেবা পরিচালনার দায়িত্ব? সেই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত ঘোষণা করেনি বাংলাদেশ সরকার। ডেপুটি হাইকমিশনের তরফে জানানো হয়েছে, নতুন ভিসা আবেদন কেন্দ্রের ঠিকানা এবং পরিচালনাকারী সংস্থার নাম পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

অর্থাৎ, আপাতত কেন্দ্রের ঠিকানা বদলাচ্ছে, কিন্তু ভিসা দেওয়ার প্রক্রিয়া বন্ধ হয়ে যাচ্ছে, এমন কোনও ঘোষণা নেই। সূত্রের খবর, বর্তমানে ভিসা প্রদানের প্রক্রিয়াতেও কোনও পরিবর্তন হয়নি। নতুন কেন্দ্রের ঠিকানা প্রকাশের অপেক্ষায় আবেদনকারীরা।তবে এই সিদ্ধান্তের সময়কালই বাড়াচ্ছে রাজনৈতিক জল্পনা।কারণ, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মোটেই স্বস্তিদায়ক নয়। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে জল্পনা, আওয়ামী লিগের নেতা-কর্মীদের রাজনৈতিক সক্রিয়তা এবং পোশাক শিল্পের শ্রমিকদের বিক্ষোভ সব মিলিয়ে চাপের মুখে তারেক রহমানের নেতৃত্বাধীন BNP সরকার।এর মধ্যেই আওয়ামী লিগের সমর্থকদের অশান্তি ছড়ানোর অভিযোগ তুলে সরব হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সরাসরি ভারতের নাম না করলেও সীমান্তের ওপারের একটি দেশের দিকে ইঙ্গিত করে বিদেশের মাটি থেকে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তিনি।অন্যদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ এবং ফরিদপুর—এই সাতটি জেলায় প্রায় তিন হাজার বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে বলে খবর।

স্বাভাবিক ভাবেই এমন পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ সম্পর্কের গতিপ্রকৃতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।আর সেই আবহেই কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা কেন্দ্র বন্ধের খবর সামনে আসায় প্রশ্ন উঠছে, দুই দেশের সম্পর্কের উপর কি এর কোনও প্রভাব পড়তে চলেছে?তবে মনে রাখতে হবে, ভিসা কেন্দ্র বন্ধের সিদ্ধান্তের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতির সরাসরি যোগ রয়েছে, এমন কোনও সরকারি ঘোষণা নেই। চুক্তির মেয়াদ শেষ হওয়া এবং তা নবীকরণ না করাই এই সিদ্ধান্তের ঘোষিত কারণ। ফলে আপাতত একে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতির সরাসরি ইঙ্গিত বলা যাচ্ছে না।তবুও কলকাতা ও শিলিগুড়ি থেকে প্রতিদিন বহু মানুষ বাংলাদেশে যাতায়াতের জন্য ভিসার উপর নির্ভর করেন। চিকিৎসা, ব্যবসা, আত্মীয়-পরিজনের সঙ্গে দেখা করা কিংবা অন্যান্য প্রয়োজনে বাংলাদেশগামী ভারতীয়দের কাছে এই সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ।এখন সবচেয়ে বড় প্রশ্ন, নতুন ভিসা কেন্দ্র কবে চালু হবে? পরিষেবা কি আগের মতোই স্বাভাবিক থাকবে? আর দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতির আগামী গতিপ্রকৃতি কী হবে? ভিসা কেন্দ্রের ঠিকানা বদল, নাকি ভারত-বাংলাদেশ সম্পর্কের সমীকরণেও নতুন কোনও পরিবর্তনের ইঙ্গিত?