হুয়াঙের প্রেমিকার সঙ্গে চিনা গোয়েন্দা সংস্থার যোগাযোগ ?

এনভিডিয়ার প্রাক্তন সিইও জেনসেন হুয়াঙের সঙ্গে সম্পর্কে থাকার সময় চিনের শীর্ষ গোয়েন্দা সংস্থার এক আধিকারিকের সঙ্গে যোগাযোগ রাখতেন তাঁর চিনা প্রেমিকা অ্যালিস হুয়াং! এমনই চাঞ্চল্যকর দাবি প্রকাশ্যে এসেছে মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে। অভিযোগ, ২০২৫ সালের বসন্তকাল থেকে চলতি বছরের শরৎ পর্যন্ত চিনের রাষ্ট্র নিরাপত্তা মন্ত্রকের এক কর্তার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল অ্যালিসের।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

‘নিউ ইয়র্ক টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, ওই সময় জেনসেন এনভিডিয়ার নেতৃত্বে ছিলেন। একই সময়ে অ্যালিসের সংস্থা ‘মেগাস্পিড’ বিপুল পরিমাণ উন্নত এআই চিপ কিনছিল এনভিডিয়ার কাছ থেকে। অভিযোগ, সেই চিপের কিছু অংশ দক্ষিণ-পূর্ব এশিয়ার এমন ডেটা সেন্টারে পাঠানো হয়েছিল, যেগুলি আলিবাবা-সহ চিনের বিভিন্ন প্রযুক্তি সংস্থাকে পরিষেবা দিত। আরও কিছু চিপ গোপনে চিনে পাচার করা হয়েছিল কি না, তা নিয়েও তদন্ত চলছে।

অ্যালিসের ব্যবসায়িক অংশীদার কাং ওয়েইয়ের বিরুদ্ধেও চিনের রাষ্ট্র নিরাপত্তা মন্ত্রকের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগ উঠেছে। তাঁকে অ্যালিসের স্বামী হিসেবেও পরিচয় করানো হত। ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর তথ্য অনুযায়ী, শেয়ারবাজারে কারসাজির অভিযোগের তদন্তের সময় চলতি বছরের শুরুতে সাংহাইয়ে কাংকে আটক করা হয়েছিল।

অন্য দিকে, চিনা নাগরিক লি মিংয়ের বিরুদ্ধেও এনভিডিয়ার নিয়ন্ত্রিত এআই চিপ গোপনে চিনে পাচারের অভিযোগ রয়েছে। সিঙ্গাপুরে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগ, অ্যালিসের সংস্থা ‘মেগাস্পিড’-ও ওই চক্রের সঙ্গে যুক্ত ছিল।

অ্যালিসের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আওতাভুক্ত চিপ চিনে পাচারে সহায়তার অভিযোগ আগে থেকেই ছিল। তাঁর সঙ্গে সম্পর্ক প্রকাশ্যে আসার পর জেনসেন হুয়াঙের পদত্যাগ নিয়েও বিতর্ক শুরু হয়। গত ১২ নভেম্বর এনভিডিয়ার সিইও এবং বোর্ড সদস্য-সহ একাধিক পদ থেকে সরে দাঁড়ান তিনি। সংস্থার তরফে অ্যালিস ও জেনসেনের সম্পর্ক নিয়ে অভ্যন্তরীণ তদন্তও শুরু হয়েছে। যদিও এনভিডিয়ার বোর্ডের দাবি, জাতীয় নিরাপত্তা বা সংস্থার গোপনীয়তা লঙ্ঘনের কোনও প্রমাণ এখনও মেলেনি।