ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে সোমবার হায়দরাবাদ হাউসে বৈঠকে বসলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
এই বৈঠকে মূলত অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেতে পারে। বিশেষ করে বাণিজ্য, পরিবহণ, বিনিয়োগ এবং পরিকাঠামো উন্নয়ন নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, খেলাধুলা, বিপর্যয় মোকাবিলা এবং মানবসম্পদ উন্নয়নের মতো একাধিক ক্ষেত্রে সমঝোতাপত্র (MoU) বিনিময় করতে পারে দুই দেশ।
যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুৎ ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে। এই সফরে ওই দুই ক্ষেত্রে ইতিমধ্যে সম্পূর্ণ হওয়া কয়েকটি প্রকল্পের উদ্বোধন এবং নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে সীমান্তবর্তী যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।সরকারি বৈঠকের পাশাপাশি এই সফরে ভারত-নেপাল বিজনেস ফোরামেরও আয়োজন করা হবে। নেপালে ভারতীয় বিনিয়োগ টানাই এই ফোরামের অন্যতম লক্ষ্য। দুই দেশের ব্যবসায়ীরা এই মঞ্চে নিজেদের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি যৌথভাবে কাজ করার নতুন সুযোগ খুঁজে নিতে পারবেন।
নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ এবং তাঁর সঙ্গে আসা ৩৪ সদস্যের সরকারি প্রতিনিধিদলের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।বলেন্দ্র শাহের সঙ্গে ভারত সফরে এসেছেন নেপালের অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে, বিদেশমন্ত্রী শিশির খানাল, প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টা কুমার ব্যাঞ্জনকর-সহ একাধিক শীর্ষ সরকারি আধিকারিক। এর আগে সোমবার সকালে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান নেপালের প্রধানমন্ত্রী। সেখানে পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি দর্শনার্থীদের খাতায় নিজের বক্তব্যও লেখেন তিনি।
তার আগে রাষ্ট্রপতি ভবনে পৌঁছলে বলেন্দ্র শাহকে আনুষ্ঠানিকভাবে গার্ড অফ অনার দেওয়া হয়। সেই সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।নেপালের প্রধানমন্ত্রীর এই দু’দিনের ভারত সফর দুই দেশের সম্পর্ক খতিয়ে দেখার পাশাপাশি চলতি সহযোগিতার কাজ কতটা এগিয়েছে, তা পর্যালোচনার সুযোগ করে দেবে। একই সঙ্গে ভবিষ্যতে বাণিজ্য, উন্নয়ন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর পথ খুঁজবেন দুই দেশের নেতৃত্ব।