বিজেপিতে যোগ দিলেন ক্রিকেটার যুজ়বেন্দ্র চাহাল

ভারতীয় ক্রিকেটার যুজ়বেন্দ্র চাহালকে ঘিরে এবার নতুন রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। বিজেপির ওবিসি মোর্চার জাতীয় কার্যনির্বাহী কমিটিতে বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে জায়গা পেয়েছেন এই লেগ স্পিনার। অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য কাজ করা বিজেপির এই শাখায় তাঁর অন্তর্ভুক্তির খবর সামনে আসতেই শুরু হয়েছে আলোচনা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

কিছুদিন আগেই ওবিসি মোর্চার জাতীয় সভাপতি তথা রাজ্যসভার সাংসদ অমর পাল মৌর্যের সঙ্গে দেখা করেছিলেন চাহাল। সেই সাক্ষাতের পর থেকেই তাঁর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। এবার দলের জাতীয় কার্যনির্বাহী কমিটিতে বিশেষ দায়িত্ব পাওয়ার খবরে সেই জল্পনা আরও জোরাল হয়েছে।১৯৯০ সালে হরিয়ানায় জন্ম যুজ়বেন্দ্র চাহালের। টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক ছোঁয়া প্রথম ভারতীয় বোলার তিনি। ২০২৬ সালের অক্টোবরে ইংল্যান্ডের লর্ডসে নর্থ্যাম্পটনশায়ারের হয়ে শেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলেন চাহাল। এরপরই লাল বলের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানান তিনি। তবে এক দিনের আন্তর্জাতিক ও টি-টোয়েন্টি ক্রিকেট খেলা চালিয়ে যাচ্ছেন এই স্পিনার। ক্রিকেটার হিসেবে পরিচিতি পাওয়ার আগে দাবার বোর্ডেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছিলেন চাহাল। অর্থাৎ ক্রিকেটের পাশাপাশি দাবার জগতের সঙ্গেও তাঁর পুরনো যোগ রয়েছে।

চাহালকে কমিটিতে জায়গা দেওয়ার পাশাপাশি এদিন বিজেপির ওবিসি মোর্চার নতুন সাংগঠনিক তালিকাও প্রকাশ করা হয়েছে। জাতীয় কার্যনির্বাহী কমিটিতে মোট ৩৭ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া সাতজনকে জাতীয় সহ-সভাপতি, তিনজনকে জাতীয় সাধারণ সম্পাদক এবং সাতজনকে জাতীয় সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীনের নির্দেশেই এই নতুন কমিটি তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড-সহ পাঁচ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই সাংগঠনিক রদবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।