‘কউন বনেগা করোরপতি’ বা কেবিসির একটি প্রশ্ন ঘিরে আইনি বিতর্কে জড়ালেন অমিতাভ বচ্চন। পঞ্জাবের সঙ্গরুরের এক আইনজীবী অমিতাভ এবং সোনি টিভিকে আইনি নোটিস পাঠিয়েছেন। অভিযোগ, কেবিসির একটি ভাইরাল ভিডিয়োয় পঞ্জাবের পুলিশ থানায় বোমা হামলার ঘটনা নিয়ে এমন প্রশ্ন করা হয়েছে, যা গোটা রাজ্যের নেতিবাচক ভাবমূর্তি তুলে ধরে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
‘দ্য স্টেটসম্যান’-এর প্রতিবেদন অনুযায়ী, আইনজীবী ইন্দ্রজিৎ অরোরার কাছে এক ব্যক্তি একটি স্ক্রিনশট এবং ভিডিয়ো ক্লিপ নিয়ে আসেন। সেই ভিডিয়োয় অমিতাভকে এক প্রতিযোগীকে ১২ লক্ষ ৫০ হাজার টাকার প্রশ্ন করতে দেখা যাচ্ছে। প্রশ্ন ছিল, ‘‘কোন রাজ্যে অপরাধীরা বিনা ভয়ে পুলিশ থানায় বোমা হামলা চালিয়েছিল?’’
এই প্রশ্ন নিয়েই আপত্তি আইনজীবীর। তাঁর বক্তব্য, সাধারণ জ্ঞান যাচাই করতে এমন প্রশ্ন করার প্রয়োজন কী? বরং প্রশ্নটির মাধ্যমে একটি নির্দিষ্ট রাজ্যকে নেতিবাচক ভাবে তুলে ধরা হয়েছে বলে অভিযোগ তাঁর। অরোড়ার কথায়, এটি সাধারণ জ্ঞানের প্রশ্ন বলে মনে হয়নি। বরং কোনও একটি রাজ্যের ভাবমূর্তি খারাপ করার চেষ্টা বলেই মনে হয়েছে।
এই অভিযোগের ভিত্তিতেই অমিতাভ বচ্চন এবং সোনি টিভিকে আইনি নোটিস পাঠিয়েছেন তিনি। ভাইরাল ভিডিয়োটি সরিয়ে নেওয়ার পাশাপাশি, সেটি যদি কেবিসির আসল পর্বের অংশ হয়, তা হলে অমিতাভ এবং সংশ্লিষ্ট চ্যানেলকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলেও দাবি করেছেন আইনজীবী।
তবে এখানেই রয়েছে বড় প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োটি আদৌ কেবিসির আসল পর্বের কি না, তা এখনও নিশ্চিত নয়। ভিডিয়োটি এআই দিয়ে তৈরি বলেও সন্দেহ প্রকাশ করা হয়েছে। ফলে ভিডিয়োটির সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত অভিযোগের বিষয়টিও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এখন সোনি টিভি এবং কেবিসি কর্তৃপক্ষের বক্তব্যের অপেক্ষা। তাঁদের তরফে স্পষ্ট বক্তব্য এলেই বোঝা যাবে, ভাইরাল ভিডিয়োর প্রশ্নটি সত্যিই অনুষ্ঠানের অংশ ছিল, নাকি পুরোটাই কৃত্রিম ভাবে তৈরি।