অযোধ্যা-নেপাল পথে এবার ছুটবে সরযূ-কামলা এক্সপ্রেস

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ সোমবার যৌথভাবে উদ্বোধন করলেন নতুন সাপ্তাহিক ট্রেন পরিষেবা ‘সরযূ-কামলা এক্সপ্রেস’। এই ট্রেনটি উত্তরপ্রদেশের অযোধ্যা ক্যান্টনমেন্ট থেকে নেপালের জনকপুর ধাম পর্যন্ত চলবে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

ভারত ও নেপালের মধ্যে রেল যোগাযোগ আরও মজবুত করার ক্ষেত্রে এই ট্রেন পরিষেবা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একই সঙ্গে দুই দেশের ধর্মীয় ও ঐতিহাসিক সম্পর্কের সঙ্গে জড়িয়ে থাকা অযোধ্যা এবং জনকপুর ধামে যাতায়াত আরও সহজ হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ভারত ও নেপালের সম্পর্ক বহু শতাব্দী পুরনো। ধর্মীয় বিশ্বাস, নদী এবং পারিবারিক সম্পর্কের ভিত্তিতে এই বন্ধন তৈরি হয়েছে। দুই দেশের মধ্যে প্রচলিত ‘রোটি-বেটি’ সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি। অর্থাৎ, দুই দেশের মানুষের মধ্যে দীর্ঘদিনের সামাজিক ও বৈবাহিক সম্পর্ক রয়েছে।

এই ট্রেনটি উত্তরপ্রদেশ ও বিহারের একাধিক গুরুত্বপূর্ণ জায়গার উপর দিয়ে চলবে। গোরক্ষপুর, বস্তি, রক্সৌল, সীতামঢ়ী, মধুবনী এবং জয়নগরে ট্রেনটির স্টপেজ থাকবে। এর ফলে একাধিক জেলার যাত্রীরা সহজেই ট্রেনে যাতায়াত করতে পারবেন। ধর্মীয় স্থান দর্শন, আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করা এবং অন্যান্য প্রয়োজনে যাতায়াত আরও সুবিধাজনক হবে।

নতুন এই ট্রেন পরিষেবার ফলে ধর্মীয় পর্যটনেও গতি আসবে বলে মনে করা হচ্ছে। অযোধ্যা ও জনকপুর ধামে পৌঁছনো সহজ হওয়ায় পর্যটক ও পুণ্যার্থীদের সংখ্যা বাড়তে পারে। এর ফলে ওই এলাকার হোটেল, রেস্তরাঁ, স্থানীয় পরিবহণ এবং ছোট ব্যবসাগুলিও লাভবান হতে পারে। শুধু পুণ্যার্থী ও পর্যটকরাই নন, দুই দেশের সীমান্তবর্তী এলাকার পরিবার, পড়ুয়া এবং ব্যবসায়ীরাও এই ট্রেন পরিষেবার সুবিধা পাবেন। দুই দেশের মধ্যে ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগ বজায় রাখাও আরও সহজ হবে।

এই উদ্যোগের গুরুত্ব শুধু যাত্রী পরিষেবার মধ্যেই সীমাবদ্ধ নয়। উন্নত পরিবহণ ব্যবস্থা দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়াতে, আঞ্চলিক অর্থনীতির উন্নতি ঘটাতে এবং সাংস্কৃতিক আদানপ্রদান আরও মজবুত করতেও সাহায্য করবে। ভারত ও নেপালের মধ্যে রেল যোগাযোগ বাড়ানোর বৃহত্তর পরিকল্পনারই অংশ এই নতুন ট্রেন পরিষেবা। ইতিমধ্যেই জয়নগর-বিজলপুরা-বর্দিবাস এবং জোগবনি-বিরাটনগর রেল প্রকল্পের কাজ ধাপে ধাপে এগোচ্ছে। এছাড়া রক্সৌল থেকে কাঠমান্ডু পর্যন্ত প্রস্তাবিত রেলপথ তৈরির পরিকল্পনাও রয়েছে। দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করাই এই প্রকল্পের লক্ষ্য।

রেল পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি নেপালের রেলকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে। গুজরাতের ভদোদরায় গতি শক্তি বিশ্ববিদ্যালয়ে নেপাল রেলের আধিকারিক ও কর্মীদের ট্রেন পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।এই সমস্ত উদ্যোগের লক্ষ্য হল, ভারত ও নেপালের মধ্যে যাত্রী যাতায়াত বাড়ানো, বাণিজ্য সহজ করা এবং দুই দেশের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলির মধ্যে যোগাযোগ আরও মজবুত করা।

উল্লেখ্য, দু’দিনের ভারত সফরে এসেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ২২ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত চলবে তাঁর এই সফর। ২০২৬ সালের মার্চ মাসে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম ভারত সফর। এই সফরে দিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করবেন নেপালের প্রধানমন্ত্রী।