১৯৮২ সালে মুক্তি পেয়েছিল গান। চার দশকেরও বেশি সময় পর সেই গানই জায়গা করে নিল বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও গেমে। বাংলার ডিস্কো গান ‘আজ শনিবার’ এবার শোনা যাচ্ছে সদ্য মুক্তি পাওয়া GTA 6-এ। গানটি গেমের একটি ইন-গেম রেডিয়ো স্টেশন ‘Worldwide FM’-এ বাজছে। আর এই খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত গানের গায়িকা রূপা বিশ্বাস সেন।

১৯ নভেম্বর GTA 6 মুক্তির পরই খেলোয়াড়দের নজরে আসে গানটি। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে গেমের মধ্যে ‘আজ শনিবার’ বাজানোর ক্লিপ। পুরনো বাংলা গানের সঙ্গে বিশ্বের অন্যতম জনপ্রিয় গেমের এই অপ্রত্যাশিত যোগসূত্র দেখে অবাক অনেকেই। গানটির গায়িকা রূপাও এই ঘটনায় নিজের আনন্দের কথা জানিয়েছেন।
ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে তিনি বলেন, GTA 6-এ তাঁর গান জায়গা পেয়েছে শুনে তিনি অত্যন্ত খুশি। তাঁর কথায়, তিনি একজন শিল্পী এবং তাঁর গোটা জীবনই সংগীতকে ঘিরে। এত বছর পরেও শ্রোতারা গানটি মনে রেখেছেন এবং নতুন প্রজন্মের কাছে গানটি পৌঁছে গিয়েছে—এতেই তিনি আপ্লুত।
১৯৮২ সালে রূপার অ্যালবাম ‘ডিস্কো জ্যাজ’-এর অংশ হিসেবে প্রকাশিত হয়েছিল ‘আজ শনিবার’। অ্যালবামটির প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন সরোদশিল্পী উস্তাদ আশিস খান। কানাডা সফরের সময় গানটি রেকর্ড করা হয়েছিল। ডিস্কো ও ফাঙ্কের ছন্দের সঙ্গে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের মেলবন্ধন ঘটেছিল এই গানে। বিশেষ করে সরোদের ব্যবহার গানটিকে দিয়েছিল আলাদা পরিচিতি।
তবে মুক্তির সময় গানটি সেভাবে জনপ্রিয় হয়নি। বহু বছর প্রায় আড়ালেই ছিল। পরে ২০১২ সালের ছবি Miss Lovely-তে গানটি ব্যবহৃত হলে ফের নজরে আসে। ধীরে ধীরে আন্তর্জাতিক ডিজে এবং মিউজিক সংগ্রাহকদের মধ্যেও গানটি জনপ্রিয় হয়। শিল্পী ড্যান স্নেইথও গানটির প্রচারে ভূমিকা রাখেন।
পুরনো রেকর্ডের চাহিদাও বাড়ে। ২০১৯ সালে অ্যালবামটি ফের প্রকাশিত হয়। কিছু অরিজিনাল রেকর্ডের দাম ৫০০ পাউন্ডেরও বেশি উঠেছিল বলে খবর।
এ বার GTA 6-এর সৌজন্যে ‘আজ শনিবার’ পৌঁছে গেল আরও বড় আন্তর্জাতিক শ্রোতাদের কাছে। ৪৪ বছর পর বাংলার সেই ডিস্কো গান যেন পেল নতুন জীবন।