এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন কেমন আছেন রেখা পাত্র এবং কেন ঘটল এই ঘটনা? কেন ঘটল তা এখনও স্পষ্ট নয় পরিবারের তরফে এখনও সেইভাবে কিছু বলা হয়নি। জানা গেছে যে আগের থেকে সামান্য ভাল রয়েছেন রেখা। খুব অল্প কথাও বলছেন। রেখাকে ভেন্টিলেটর থেকে বার করানো হয়েছে। মুখ দিয়ে এক-দু ফোঁটা জলও খেতে পেরেছেন। মুখের ভিতরে জমে থাকা লালা ফুসফুসের ভিতরে গিয়ে অক্সিজেন সরবরাহ বাধা পাওয়ার পরিস্থিতি হয়েছিল। বুকের সিটি স্ক্যানে তা ধরা পড়ার পরে অ্যান্টিবায়োটিকের সাহায্য নেওয়া হচ্ছে। তাঁকে ক্রিটিকাল কেয়ার সাপোর্টে রাখা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল।এখনও শারীরিক পরিস্থিতি যে পুরোপুরি বিপদ্মুক্ত, তা নয়।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
রেখার শরীরের রক্তচাপের মাত্রা, ক্রিয়েটিনিন, ইউরিয়া নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু পটাশিয়ামের মাত্রা বেশি থাকায় তা নিয়ন্ত্রণে আনার জন্য প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। প্রশ্ন উঠতে পারে যদি এখনও বিপদ না কাটে তাহলে কেন তাকে ভেন্টিলেশন থেকে বার করা হল? ভেন্টিলেশনে কৃত্রিম উপায়ে তাঁর শ্বাসপ্রশ্বাস চালানো হচ্ছিল। সেই সহায়তা না নিয়ে বিজেপি বিধায়ক কেমন থাকেন, তা দেখতেই এই পদক্ষেপ করেছেন চিকিৎসকেরা।চিকিৎসক যুধাজিৎ সেনগুপ্তের তত্ত্বাবধানে একজন নেফ্রোলজিস্ট এবং একজন টক্সিকোলজির চিকিৎসক রেখাকে পরীক্ষা-নিরীক্ষা করেছেন। শনিবার রাতে তাঁর শরীরে বিষক্রিয়া হয়। রেখাকে রাতে প্রথমে বসিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তারপর সেখান থেকে বন্ডে সই করে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
শনিবার রাতে অসুস্থ হয়ে পড়েন বিধায়ক রেখা। তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটে। পাঠানো হয় বসিরহাট সুপারস্পেশালিটি হাসপাতালে। সিসিইউ-তে ভর্তি করা হয় তাঁকে। কিন্তু শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। এরপরই কলকাতার মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই হাসপাতালের ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। সঙ্গে রয়েছেন পরিবারের সদস্যরা। প্রাথমিকভাবে শরীরে বিষক্রিয়ার প্রমাণ মিলেছে বলে খবর। বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁকে সিসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চললেও প্রায় চার ঘণ্টা পরেও তাঁর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি বসিরহাট মহকুমা হাসপাতালে বিষক্রিয়ার প্রতিষেধক ওষুধ ও ইঞ্জেকশন দেওয়া হয় রেখাকে। ছ’টি বিশেষ ট্যাবলেট তাঁকে দেন চিকিৎসকেরা। এ ছাড়া, তাঁর নাক দিয়ে নল ঢুকিয়ে পাকস্থলী থেকে বিষাক্ত পদার্থ বের করার চেষ্টা করা হয়।
শরীরে বিষের প্রভাব কমানোর জন্য বিভিন্নইঞ্জেকশন দেওয়া হয়। বমি, গ্যাসের ওষুধ এবং অ্যান্টিবায়োটিক চালু হয় বসিরহাটের হাসপাতালেই। জানা গিয়েছে, বসিরহাট হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন এবং কলকাতায় স্থানান্তরের সময়ও জ্ঞান ছিল না বিধায়িকার। অক্সিজেন ও স্যালাইন সাপোর্টে অ্যাম্বুল্যান্সে করে তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। রেখার রেফারেল কার্ডে লেখা রয়েছে, রোগীর পেটে বিষাক্ত ‘হার্বাল লার্ভিসাইড গিয়েছে বলে পরিজনেরা জানিয়েছেন।’ ওই সময় তাঁর রক্তচাপ ছিল ১২৪/৭০, নাড়ির স্পন্দন ছিল প্রতি মিনিটে ১১০। মিনিটে চার লিটার করে অক্সিজেন প্রয়োজন হচ্ছিল তাঁর। রেফারেল কার্ডে চিকিৎসকেরা আরও জানিয়েছেন, রোগী ঝিমিয়ে পড়েছিলেন। ডাকলেও খুব একটা সাড়া দিচ্ছিলেন না। বুকে চাপ দিয়ে তাঁকে জাগানোর চেষ্টা করা হয়। কিন্তু তাতে লাভ হয়নি। এর পরেই কলকাতার হাসপাতালে তাঁকে স্থানান্তর করা হয়। হাসপাতালের মেডিক্যাল সার্টিফিকেট অনুযায়ী, রেখা পাত্রের শরীরে ফসলের কীটনাশক পাওয়া গিয়েছে। পরিবারও এখনও সেভাবে মুখ খোলনি। তবে, কীভাবে বিষক্রিয়া হয়েছে, তা জানা যায়নি। রবিবার সকালেই বিধায়ককে দেখতে হাসপাতালে গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, খাদ্যে বিষক্রিয়ার জেরে অসুস্থ রেখা পাত্র। কীভাবে বিষক্রিয়া হল সেটা পুলিশ দেখবে।
নিম্নবিত্ত পরিবারের মেয়ে রেখার জীবন শুরু থেকেই সংগ্রামের। আর্থিক অভাবের কারণে পড়াশোনা বেশি দূর এগোতে পারেননি। অল্প বয়সেই সন্দেশখালির সন্দীপ পাত্রের সঙ্গে তাঁর বিয়ে হয়। স্বামী পরিযায়ী শ্রমিক হওয়ায় সংসার চালানো সবসময়ই কঠিন ছিল। স্বামীর সামান্য উপার্জনে অনেক কষ্টে সংসার সামলেছেন রেখা। এখন তিনি তিন মেয়ের মা। অভাব থাকলেও শ্বশুর-শাশুড়িকে নিয়ে তাঁর ছোট্ট সংসার সুখেই কাটছে।২০২৪–এ সন্দেশখালির তৎকালীন তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তাঁর অনুগামীদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রতিবাদের অন্যতম মুখ হয়ে ওঠেন রেখা পাত্র। সে বছরই লোকসভা ভোটে বসিরহাট কেন্দ্রে বিজেপি প্রার্থী করে তাঁকে। কিন্তু সেই ভোটে পরাজিত হন তিনি। এ বছর বিধানসভা ভোটে রেখা হিঙ্গলগঞ্জ থেকে জয়ী হন।
তবে বিধায়ক হওয়া ইস্তক রেখা একের পর এক বিতর্কে জড়িয়েছেন। তার মধ্যে গোরুর বার্থ সার্টিফিকেট দাবি করা থেকে শুরু করে পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদে পুলিশের উপরে চড়াও হওয়ার মতো ঘটনা রয়েছে। বাড়ি ভাড়া করে সেই ভাড়া বকেয়া রাখা নিয়েও বাড়ির মালিকের সঙ্গে তাঁর সমস্যা হয়েছে। ওই সব ঘটনায় সামাজিক মাধ্যমে ট্রোলিংয়েরও শিকার হন তিনি। বিধায়কের স্বামীর বিরুদ্ধেও এলাকায় দাদাগিরি ও তোলাবাজির অভিযোগ উঠেছে। এ রকম একের পর এক ঘটনার জেরে দলের স্থানীয় নেতৃত্বের সঙ্গেও রেখার দূরত্ব বাড়ছিল বলে স্থানীয় সূত্রের খবর। সেপ্টেম্বর মাসে সরাসরি নিজের দলের জেলা নেতৃত্বের বিরুদ্ধেই মুখ খুলেছিলেন রেখা। বসিরহাট সাংগঠনিক জেলা নেতৃত্বের বিরুদ্ধে তাঁর অভিযোগ, রীতিমতো পরিকল্পনা করে তাঁকে বিভিন্ন কর্মসূচি থেকে দূরে রাখা হচ্ছে।
এমনকি ‘অশিক্ষিত’ বলে তাঁকে ‘অপমান’ করা হয় বলেও অভিযোগ বিধায়কের। তাঁর এই মন্তব্যে ফের প্রকাশ্যে আসে বিজেপির অন্দরের টানাপোড়েন। জেলা নেতৃত্ব তাঁকে বারবার ‘মিসগাইড’ করে। কোনো কর্মসূচি নিয়ে তাঁকে সঠিক তথ্য দেওয়া হয় না। আমন্ত্রণ জানানো হলেও সেখানে গিয়ে তিনি অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়েন। বাধ্য হয়ে তিনি দলের একাধিক কর্মসূচি থেকে নিজেকে সরিয়ে রাখেন। সম্প্রতি বসিরহাট সাংগঠনিক জেলায় চার জনকে সসম্মানে বিজেপিতে যোগদান করানোর কর্মসূচি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তাঁর দাবি, এই কর্মসূচির কথা তাঁকে জানানোই হয়নি। দলের জেলা নেতৃত্বের বিরুদ্ধে তাঁর আরও অভিযোগ, জেলার নেতারা তাঁকে অপছন্দ করেন বলে নানাভাবে অবমাননা করা হয়। বিধায়কের কথায়, ‘আমি পড়াশোনা জানি না, এই অজুহাতে বসিরহাট সাংগঠনিক জেলার কমিটি আমাকে বারবার অপমান করে। আমি জেলা নেতৃত্বের উপর নির্ভর না করে এলাকার উন্নয়নের কাজ করি।’