বাংলাদেশে কি ফের নতুন করে রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে? একদিকে শেখ হাসিনার দেশে ফেরার জল্পনা, অন্যদিকে দেশজুড়ে অশান্তির আগুন। পরিস্থিতি এমনই যে, দেশের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
এই অশান্তির মধ্যেই এবার বড় রাজনৈতিক চাল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের। বিরোধী জামাত ই-ইসলামি এবং জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠকে বসতে চান তিনি। প্রশ্ন হচ্ছে, হাসিনার আওয়ামী লীগকে ঠেকাতে কি এবার এক মঞ্চে আসছে বিএনপি, জামাত এবং নাহিদের দল? বৈঠকে বসার আগে কী শর্ত রাখল নাহিদের এনসিপি?
বাংলাদেশের রাজনীতিতে এখন একদিকে হাসিনার ফেরার জল্পনা, অন্যদিকে তারেক রহমান সরকারের সামনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার চ্যালেঞ্জ। গত ১৮ নভেম্বর দেশজুড়ে অশান্তির আশঙ্কায় আধাসামরিক বাহিনী মোতায়েন করতে হয়েছে প্রশাসনকে। অন্তত ২৮টি জেলায় বোমাবাজি এবং গাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। আক্রান্ত হয়েছে গ্রামীণ ব্যাঙ্কের একাধিক শাখাও। আর এই পরিস্থিতির পিছনে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাত রয়েছে বলে অভিযোগ করছে বিএনপি সরকার।
অশান্তির সাম্প্রতিক ঘটনাগুলির দিকে তাকালেই পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট। প্রথমেই আসা যাক গোপালগঞ্জে। শেখ হাসিনার নিজের জেলা বলেই পরিচিত এই গোপালগঞ্জ। সেখানে মুকসুদপুর থানায় হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পুড়িয়ে দেওয়া হয়েছে পুলিশের গাড়িও। শুধু তাই নয়, বিএনপির সাংসদ ও নেতাদের বাড়িতেও হামলা এবং অগ্নিসংযোগের অভিযোগ সামনে এসেছে।
অন্যদিকে চট্টগ্রামে আগুন লাগিয়ে দেওয়া হয় বাংলাদেশের প্রাক্তন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের পৈতৃক বাড়িতে। গত বুধবার গভীর রাতে বাড়ির নিচতলার একটি ঘরে আগুন দেখতে পান নিরাপত্তারক্ষীরা। দ্রুত আগুন নেভানো হয়। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
এখানেই শেষ নয়। মানিকগঞ্জে একাধিক বোমা বিস্ফোরণ এবং বাসে আগুন লাগানোর ঘটনায় এক চালকের মৃত্যুর খবরও সামনে এসেছে। ঢাকার বিশ্ববিদ্যালয় চত্বর এবং আদালত চত্বরেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাশাপাশি নারায়ণগঞ্জ, ফরিদপুর-সহ বিভিন্ন এলাকায় হিংসা ও অগ্নিসংযোগের অভিযোগ সামনে এসেছে।
আর এই অশান্তির আবহেই এবার বিরোধীদের সঙ্গে আলোচনার উদ্যোগ তারেক রহমানের। প্রথম বৈঠকে বসতে চলেছে জাতীয় নাগরিক পার্টি বা NCP। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম-সহ চার সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নিতে পারে। বৈঠক হওয়ার কথা ঢাকার রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায়। কিন্তু তারেক রহমানের আহ্বানে সাড়া দিলেও নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে নাহিদের দল।
NCP-র বক্তব্য, জাতীয় ঐক্য তৈরি করতে হলে কয়েকটি বিষয়কে অগ্রাধিকার দিতে হবে। প্রথমত, গণভোটের রায় কার্যকর করতে হবে। দ্বিতীয়ত, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট ও সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচারের আওতায় আনতে হবে। তৃতীয়ত, জুলাই আন্দোলনের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। অর্থাৎ শুধু রাজনৈতিক ঐক্যের কথা বললেই হবে না, সংস্কার এবং জুলাই আন্দোলনের বিচার নিয়েও সরকারকে অবস্থান স্পষ্ট করতে হবে।
অন্যদিকে জামাতের সঙ্গেও আলোচনার রাস্তা খুলতে চাইছে বিএনপি। ইতিমধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলনেতা তথা জামাত প্রধান শফিকুর রহমানের মধ্যে একান্ত বৈঠক হয়েছে। সেখানে জুলাই ন্যাশনাল চার্টার বাস্তবায়ন এবং গণভোটের রায় সংসদে কার্যকর করার বিষয়টি তুলে ধরেছেন শফিকুর। জামাতের তরফেও জানানো হয়েছে, তারেক রহমানের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। তবে বিরোধী দলনেতা দেশে ফিরলে আলোচনার সম্ভাবনা রয়েছে।
অর্থাৎ আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক ঐক্য গড়ার প্রশ্নে বিএনপি, জামাত এবং NCP-র মধ্যে যোগাযোগ বাড়ছে। এই রাজনৈতিক ঐক্যের উদ্যোগের পিছনে সবচেয়ে বড় যে প্রশ্ন, তা হল শেখ হাসিনার বাংলাদেশে ফেরা।
একদিকে হাসিনার ফেরার অপেক্ষা, অন্যদিকে দেশজুড়ে অশান্তি। তার মধ্যেই বিরোধী জামাত এবং নাহিদের NCP-কে পাশে নিয়ে রাজনৈতিক ঐক্যের চেষ্টা তারেক রহমানের। কিন্তু এই ঐক্য কি শুধুই আওয়ামী লীগকে মোকাবিলা করার কৌশল? নাকি জুলাই আন্দোলনের পর বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির প্রথম পদক্ষেপ?