শেয়ার বাজারে ধস! একদিনেই উধাও সাড়ে ৪ লক্ষ কোটি!

শেয়ার বাজারে বড়সড় ধস! গত কয়েকদিন ধরে বাজারের ঊর্ধ্বমুখী গতি দেখে আশায় বুক বেঁধেছিলেন লগ্নিকারীরা। কিন্তু সপ্তাহের প্রথম দিন সোমবার সকালেই ছবিটা সম্পূর্ণ বদলে গেল। এক ধাক্কায় প্রায় ১,০০০ পয়েন্ট নিচে নেমে গেল সেনসেক্স। একই পথে হেঁটে ৩৩৮ পয়েন্ট পতন হল নিফটিরও। বাজারের এই আকস্মিক পতনের জেরে লগ্নিকারীদের প্রায় সাড়ে ৪ লক্ষ কোটি টাকার সম্পদ কার্যত উধাও হয়ে গেল।

সপ্তাহের প্রথম দিনেই শেয়ার বাজারে বড়সড় পতন। সোমবার সকালে লেনদেন শুরু হতেই নিম্নমুখী হতে থাকে বাজারের দুই প্রধান সূচক। দুপুর ১টা ২২ মিনিট পর্যন্ত সেনসেক্স ৯৩৭ পয়েন্ট বা ১.১২ শতাংশ কমে দাঁড়ায় ৮২,৯৮২-এ। অন্যদিকে, নিফটির অবস্থাও ছিল বেশ দুর্বল। সূচকটি ২৯১ পয়েন্ট বা ১.১৩ শতাংশ হারিয়ে নেমে আসে ২৫,৫০৯.৭০-এ। বাজারের এই আচমকা পতনে উদ্বেগ বেড়েছে লগ্নিকারীদের মধ্যে।

হঠাৎ করে শেয়ার বাজারে এমন পতনের নেপথ্যে একাধিক কারণ রয়েছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। তাঁদের মতে, গত কয়েক মাস ধরে লগ্নিকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা বা ‘প্রফিট বুকিং’ এবং আন্তর্জাতিক বাজারের অস্থিরতা মিলিয়ে এই পরিস্থিতি তৈরি হয়েছে। বাজারের এই নেতিবাচক প্রভাব থেকে রেহাই পায়নি প্রায় কোনও ক্ষেত্রই। বিশেষ করে টাটা স্টিল, এইচডিএফসি ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং আল্ট্রাটেক সিমেন্টের মতো সংস্থার শেয়ারে উল্লেখযোগ্য পতন হয়েছে। কয়েকটি ক্ষেত্রে দর প্রায় ৬ শতাংশ পর্যন্ত নেমেছে। তবে বাজারের সামগ্রিক ছবির তুলনায় কিছুটা স্বস্তিতে রয়েছে তথ্যপ্রযুক্তি ও গাড়ি শিল্পের কয়েকটি সংস্থা। টিসিএস, টেক মাহিন্দ্রা, ইনফোসিস, এইচসিএল টেক এবং মারুতি সুজুকির শেয়ারে তুলনামূলক ইতিবাচক প্রবণতা দেখা গিয়েছে।

গত তিন মাসের মধ্যে মার্কিন শেয়ার বাজারে সবচেয়ে উল্লেখযোগ্য উত্থান দেখা গিয়েছিল ৪ নভেম্বর। নির্বাচনের ফলাফল সামনে আসার পরই চাঙ্গা হয়ে ওঠে ওয়াল স্ট্রিট। সেই ইতিবাচক প্রভাব পড়েছিল ভারতীয় বাজারেও। পরের দিন, অর্থাৎ ৫ নভেম্বর দালাল স্ট্রিটেও জোরালো বৃদ্ধি লক্ষ্য করা যায়। চলতি মাসের শুরুতে শেয়ার বাজারের এই ঊর্ধ্বমুখী গতিতে খুশি ছিলেন লগ্নিকারীরা। কিন্তু মাসের শেষ দিকে ছবিটা পুরোপুরি পাল্টে গিয়েছে। আচমকা বাজারের এমন পতনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বিনিয়োগকারীদের মধ্যে।