একদিকে শৈশব, অন্যদিকে মাতৃত্ব! বয়স যেখানে স্কুলে যাওয়ার, সেখানে কাঁধে সংসারের বোঝা! যে বয়সে স্বপ্ন দেখার কথা, সেই বয়সেই জীবনের সবচেয়ে বড় দায়িত্ব নিতে হচ্ছে বহু কিশোরীকে! আর এই ছবিই এখন নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যে। পরিস্থিতি সামাল দিতে এবার কি আরও কঠোর পথে হাঁটতে চলেছে প্রশাসন? শুধু সচেতনতা নয়, এবার কি বাল্যবিবাহের নেপথ্যে থাকা প্রত্যেকের বিরুদ্ধে নামবে আইনের কোপ?

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
পরিসংখ্যান সামনে আসতেই কার্যত উদ্বেগের ছবি স্পষ্ট! চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৮ বছরের কম বয়সি প্রায় ৬০ হাজার কিশোরীর সন্তান প্রসবের তথ্য সামনে এসেছে। অর্থাৎ, মাত্র ছ’মাসে এত বিপুল সংখ্যক নাবালিকার মাতৃত্বের ঘটনা! তাঁদের মধ্যে ১২ থেকে ১৫ বছর বয়সি কিশোরীর সংখ্যাও যথেষ্ট উদ্বেগজনক।জেলাভিত্তিক পরিসংখ্যানেও রয়েছে উদ্বেগের ছবি।
তালিকার শীর্ষে মুর্শিদাবাদ। ছ’মাসে সেখানে ১২ হাজার ৮৪৭ জন নাবালিকা সন্তান প্রসব করেছে। এরপর দক্ষিণ ২৪ পরগনায় ৪ হাজার ১৭৮ এবং পূর্ব বর্ধমানে ৩ হাজার ৭৭৭টি ঘটনা নথিভুক্ত হয়েছে। মালদাতেও সংখ্যাটা ৩ হাজার ৭৪৩।শুধু সংখ্যার নিরিখেই নয়, জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা বা NFHS-5-এর তথ্য অনুযায়ী, ২০ থেকে ২৪ বছর বয়সি মহিলাদের মধ্যে ১৮ বছরের আগে বিয়ের হার পশ্চিমবঙ্গে ৩৬.৪ শতাংশ। যা জাতীয় গড়ের তুলনায় অনেকটাই বেশি।
এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, বাল্যবিবাহ এবং নাবালিকা মাতৃত্ব রুখতে শুধু প্রশাসনিক নজরদারি নয়, প্রয়োজন সামাজিক সচেতনতা এবং আইনের কঠোর প্রয়োগ। ইতিমধ্যেই পুলিশ-প্রশাসনের অভিযানে এক মাসে প্রায় হাজারটি বাল্যবিবাহ আটকানোর দাবি করেছেন তিনি। বিভিন্ন জায়গায় গ্রেফতারিও হয়েছে।
কিন্তু শুধু বিয়ে আটকানোতেই কি সমস্যার সমাধান? বাল্যবিবাহের নেপথ্যে থাকা মূল উৎস বন্ধ করতেও এবার নজর দিতে চাইছে সরকার। অভিভাবকদের পাশাপাশি বিয়েতে যুক্ত পুরোহিত, কাজী এবং ম্যারেজ রেজিস্ট্রারদেরও সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। ধর্মীয় পরিচয় নির্বিশেষে নাবালিকাদের বিয়ে দেওয়ার সঙ্গে যাঁরা যুক্ত থাকবেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। বাল্যবিবাহ প্রতিরোধ আইন এবং পকসো আইনের আওতায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা জানিয়েছে সরকার।
তবে এই সামাজিক সংকটের অন্যতম বড় কারণ হিসেবে উঠে আসছে দারিদ্র্য এবং মেয়েদের পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া। অনেক ক্ষেত্রে আর্থিক অনটনের কারণে অভিভাবকরাই মেয়েদের কম বয়সে বিয়ে দিয়ে দেন। আবার বিয়ের পর অকাল মাতৃত্বের কারণে মাঝপথে থেমে যায় শিক্ষাজীবন। ফলে ভবিষ্যতে স্বনির্ভর হওয়ার পথও কঠিন হয়ে পড়ে।এই জায়গাতেই মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহ দিতে নতুন আর্থিক প্রকল্পের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ‘ভগিনী নিবেদিতা প্রকল্প’-এর আওতায় স্নাতক স্তরে পাঠরত যোগ্য অবিবাহিত ছাত্রীরা তিন বছরে মোট ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন। প্রথম বর্ষে ১৭ হাজার, দ্বিতীয় বর্ষে ১৭ হাজার এবং তৃতীয় বর্ষে ১৬ হাজার।
চিকিৎসকদের মতে, কম বয়সে গর্ভধারণ শুধু মা ও শিশুর স্বাস্থ্যের জন্য বিপজ্জনক নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে অপুষ্টি, রক্তাল্পতা, উচ্চ রক্তচাপ, অপরিণত শিশুর জন্ম এবং প্রসবকালীন জটিলতার আশঙ্কা। অন্যদিকে, পড়াশোনা বন্ধ হয়ে গেলে বাড়ে আর্থিক নির্ভরতা এবং দারিদ্র্যের ঝুঁকি। অর্থাৎ, বাল্যবিবাহের প্রভাব শুধু একটি মেয়ের জীবনেই সীমাবদ্ধ থাকে না, প্রভাব ফেলে পরবর্তী প্রজন্মের উপরেও।আগামী ২৭ নভেম্বর পালিত হবে আন্তর্জাতিক বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস। তার আগে দেশজুড়ে চলছে ‘বাল বিবাহ মুক্ত ভারত’ সচেতনতা অভিযান। পশ্চিমবঙ্গেও স্কুলস্তরে সচেতনতা কর্মসূচির পরিকল্পনা রয়েছে।
একদিকে কড়া আইন, অন্যদিকে উচ্চশিক্ষায় আর্থিক সহায়তা। কিন্তু প্রশ্ন একটাই, এই দুইয়ের হাত ধরেই কি রাজ্যে বাল্যবিবাহ ও নাবালিকা মাতৃত্বের ভয়াবহ প্রবণতায় লাগাম টানা সম্ভব হবে? নাকি আরও বড় সামাজিক আন্দোলনের প্রয়োজন? উত্তর খুঁজছে গোটা রাজ্য।