ফের আইনি বিপাকে ধ্রুব রাঠী!

ফের আইনি জটিলতায় জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠী। ২০১৮ সালের একটি পুরনো মানহানির মামলায় তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল দিল্লির সাকেত আদালত। সোমবার এই নির্দেশ দেন ডিউটি ম্যাজিস্ট্রেট তথা ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনাম রইস খান। মামলার পরবর্তী শুনানি আগামী ৩ ডিসেম্বর।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

মামলাটি দায়ের করেছিলেন বিকাশ সংস্কৃতায়ন নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগ, ধ্রুব রাঠী ‘বিজেপি আইটি সেল পার্ট ২’ নামে একটি ভিডিও তৈরি করে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছিলেন। ওই ভিডিওতে তাঁকে নিয়ে একাধিক মিথ্যা ও মানহানিকর অভিযোগ করা হয়েছিল বলে দাবি অভিযোগকারীর।

এই মামলায় এর আগে গত অক্টোবরেই ধ্রুবের বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি হয়েছিল। আদালতকে তখন জানানো হয়েছিল, ধ্রুবকে নোটিশ পাঠানো হলেও তাঁর বাড়ি বা সংশ্লিষ্ট ঠিকানা তালাবন্ধ অবস্থায় পাওয়া গিয়েছিল। এরপর অভিযোগকারীর তরফে মামলার শুনানি এগিয়ে আনার আবেদন করা হয়।

অভিযোগকারীর দাবি ছিল, ধ্রুব সাধারণত জার্মানিতে থাকলেও সম্প্রতি ‘সিজেপি আন্দোলন’-এর সূত্রে ভারতে এসেছিলেন। সেই সুযোগে দ্রুত তাঁর কাছে সমন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হোক। আদালতে হরিয়ানায় ধ্রুবের বাসভবনের ঠিকানা সম্পর্কেও তথ্য রয়েছে বলে দাবি করেন অভিযোগকারী।

অভিযোগকারীর আবেদনের পরিপ্রেক্ষিতেই প্রথমে নতুন করে সমন জারি করা হয়। এরপর ধ্রুবের বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা এবং শেষ পর্যন্ত এদিন জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত।

তবে এই মামলায় আদালতের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নির্ভর করছে ৩ ডিসেম্বরের শুনানির উপর। দীর্ঘদিন ধরে বিদেশে বসবাসকারী ধ্রুব রাঠীর বিরুদ্ধে পুরনো এই মামলার আইনি প্রক্রিয়া নতুন করে গতি পাওয়ায় বিষয়টি নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।