জাহাজ শিল্পে দেশের নতুন ‘হাব’ হতে চলেছে অন্ধ্রপ্রদেশ?

কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা সোমবার জানিয়েছেন, ভারতের সামুদ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে অন্ধ্রপ্রদেশ। তাঁর মতে, রাজ্যের প্রায় ১,০৫০ কিলোমিটার দীর্ঘ উপকূলরেখা এবং সামুদ্রিক ও জাহাজ শিল্পের উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ অন্ধ্রপ্রদেশকে এই ক্ষেত্রে এগিয়ে রাখবে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

সোমবার বিশাখাপত্তনমে আয়োজিত ‘আসিয়ান-ইন্ডিয়া মেরিটাইম কনক্লেভ ২০২৬’-এর ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন পবিত্র মার্গারিটা। ভারত ও আসিয়ান দেশগুলির মধ্যে সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে বিশাখাপত্তনমের গুরুত্বের কথাও তুলে ধরেন তিনি।দু’দিনের এই সম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হচ্ছে। ইন্ডিয়া ফাউন্ডেশন এবং বিদেশ মন্ত্রকের যৌথ উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।বিশাখাপত্তনমকে ভারতের পূর্ব উপকূলের ‘রত্ন’ বলে উল্লেখ করেন কেন্দ্রীয় মন্ত্রী। ভারত ও আসিয়ান দেশগুলির মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও সামুদ্রিক সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি। তাঁর বক্তব্য, বঙ্গোপসাগর ভারত এবং আসিয়ানভুক্ত ১১টি দেশের মধ্যে যোগাযোগের সেতু হিসেবে কাজ করছে।

পবিত্র মার্গারিটা বলেন, “হাজার হাজার বছর ধরে ভারতের পূর্ব উপকূলের সঙ্গে আসিয়ান দেশগুলির গভীর সম্পর্ক রয়েছে। বঙ্গোপসাগর আমাদের দেশ এবং আসিয়ানের ১১টি দেশের মধ্যে সেতুর মতো কাজ করছে। ইতিহাস ও সংস্কৃতির দিক থেকেও আমরা একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত।”এই সম্মেলনে আসিয়ানের ১১টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং সামুদ্রিক ক্ষেত্রের বিশেষজ্ঞরা। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের মন্ত্রী নারা লোকেশ, নৌবাহিনীর প্রধান-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে সামুদ্রিক সহযোগিতার গুরুত্বের কথাও বলেন বিদেশ প্রতিমন্ত্রী। সম্প্রতি ম্যানিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অংশগ্রহণে অনুষ্ঠিত আসিয়ান-ইন্ডিয়া শীর্ষ সম্মেলনের পর এই বৈঠক আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে জানান তিনি। ওই সম্মেলনে আসিয়ান দেশগুলির সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্বের বিষয়টি তুলে ধরা হয়েছিল।তাঁর কথায়, “আসিয়ান এবং তার সদস্য দেশগুলির সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হল সামুদ্রিক সহযোগিতা।”

অন্ধ্রপ্রদেশের সামুদ্রিক উন্নয়নের সম্ভাবনা নিয়ে আশাবাদী পবিত্র মার্গারিটা। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার জাহাজ তৈরি থেকে শুরু করে সামুদ্রিক ও জাহাজ পরিবহণ শিল্পের উন্নয়নে একাধিক প্রকল্প অনুমোদন করেছে।কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, “আমি অত্যন্ত আশাবাদী যে ভারতের সামুদ্রিক ও জাহাজ শিল্পের সামগ্রিক উন্নয়নের যাত্রায় অন্ধ্রপ্রদেশ নেতৃত্ব দেবে।”

সবশেষে তিনি জানান, ভারত ও আসিয়ানভুক্ত দেশগুলির মধ্যে সামুদ্রিক যোগাযোগ এবং সহযোগিতা আরও বাড়ানোর ক্ষেত্রে এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিদেশ মন্ত্রকের সহযোগিতায় ইন্ডিয়া ফাউন্ডেশনের এই উদ্যোগকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।