সনাতনী লোকমেলায় তারুণ্যের জয়গান!

তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ, বাউলগান, কীর্তন এবং বাংলার ঐতিহ্যবাহী লোকসংস্কৃতির বর্ণময় পরিবেশনায় জমে উঠল সনাতনী লোকমেলা ২০২৬। মহিমা ট্রাস্ট ও চিরাগ গ্রুপ অব কোম্পানিজের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সংস্কৃতির শিকড়ের সঙ্গে নতুন প্রজন্মের যোগসূত্রকে বিশেষভাবে তুলে ধরা হয়।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল তরুণদের সম্মিলিত হনুমান চালিশা পাঠ। পাশাপাশি, বাংলার সংস্কৃতি, উন্নয়ন ও ভবিষ্যৎ নিয়ে তরুণ প্রজন্মের ভাবনা উঠে আসে একটি বিশেষ উপস্থাপনায়। কর্মসংস্থান, স্বনির্ভর উদ্যোগ, উদ্ভাবন এবং সামাজিক দায়বদ্ধতার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তরুণ প্রতিনিধিরা। অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণ দেন স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ, যিনি কার্তিক মহারাজ নামে পরিচিত।

বাউলগান, লোকসংগীত ও কীর্তনের পাশাপাশি অনুষ্ঠানে ছিল তরুণ-তরুণীদের নৃত্য ও সংগীত পরিবেশনা। বাংলার লোকসংস্কৃতির সঙ্গে যুক্ত বিশিষ্ট শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা মানুষদেরও সংবর্ধনা জানানো হয়।

তরুণ প্রজন্ম ও বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর অংশগ্রহণকে স্বীকৃতি জানাতে আয়োজন করা হয়েছিল বিশেষ সম্মাননা পর্বের। সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি সমাজসেবা ও দায়িত্বশীল নাগরিকত্বের গুরুত্বও উঠে আসে অনুষ্ঠানে।

বাংলার লোকসংস্কৃতির ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং সাংস্কৃতিক চর্চায় তাদের আরও উৎসাহিত করার বার্তা দিয়ে শেষ হয় সনাতনী লোকমেলা ২০২৬।