যোগরাজের মন্তব্যে ক্ষুব্ধ পৃথ্বী শ’! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ’-এর ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করে এবার আইনি পদক্ষেপের মুখে পড়তে পারেন যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং। পৃথ্বীকে বিনোদ কাম্বলির সঙ্গে তুলনা করে তাঁর জীবনযাপন নিয়ে একাধিক মন্তব্য করেছিলেন যোগরাজ। সেই বক্তব্যের পাল্টা এবার সরাসরি আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন পৃথ্বী।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

সম্প্রতি যোগরাজ দাবি করেন, প্রতিভাবান ক্রিকেটার হওয়া সত্ত্বেও খারাপ জীবনযাপন, পার্টি, নারীসঙ্গ, মদ ও সিগারেটের মতো অভ্যাসের কারণে কাম্বলির কেরিয়ার নষ্ট হয়েছিল। এরপরই পৃথ্বীর প্রসঙ্গ টেনে একই ধরনের অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, পৃথ্বীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। ক্রিকেটারের এই মন্তব্যে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ পৃথ্বী।

ইনস্টাগ্রাম স্টোরিতে যোগরাজের বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন ভারতীয় ক্রিকেটার। পৃথ্বী লেখেন, তাঁর অতীত তাঁর জীবনেরই অংশ এবং সেটি তিনি কখনও লুকিয়ে রাখেননি। কিন্তু তাঁর নাম, ব্যক্তিগত জীবন কিংবা অতীত নিয়ে কেউ কুৎসা ছড়াতে পারেন না। তাঁর দাবি, নিজের ভাবমূর্তি নষ্ট করে কেউ কেউ সস্তা প্রচার পাওয়ার চেষ্টা করছেন।

পৃথ্বী আরও স্পষ্ট করে দেন, মতামত প্রকাশ করা এবং ভুল তথ্য ছড়ানো এক বিষয় নয়। এ ধরনের বক্তব্য বা খবর ফের প্রকাশ করা হলে তিনি আইনি পথে হাঁটবেন বলেও সতর্ক করেছেন।

ক্রিকেটার লেখেন, তাঁর সম্মান, ব্যক্তিগত জীবন এবং সুনাম রক্ষার জন্য আইনি পদক্ষেপ নেওয়ার অধিকার তাঁর রয়েছে। নীরবতাকে যেন দুর্বলতা বলে মনে না করা হয়, সেই বার্তাও দিয়েছেন তিনি। একই সঙ্গে সম্মানের সঙ্গে এগিয়ে যেতে চান বলেও জানিয়েছেন।

উল্লেখ্য, একসময় ভারতীয় ক্রিকেটে অন্যতম প্রতিভাবান তরুণ ব্যাটার হিসেবে উঠে এসেছিলেন পৃথ্বী। তবে সাম্প্রতিক সময়ে তাঁর ক্রিকেটজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও নানা আলোচনা হয়েছে। যোগরাজের সাম্প্রতিক মন্তব্য সেই বিতর্ককেই ফের সামনে এনে দিয়েছে। এবার তাঁর বিরুদ্ধে সত্যিই কোনও আইনি পদক্ষেপ করা হয় কি না, সেদিকেই নজর ক্রিকেটমহলের।