প্লাস্টিকের বিকল্প খুঁজতে এ বার নতুন ভাবনা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের। বাজারে প্লাস্টিকের ব্যবহার কমাতে ভুট্টার দানা থেকে তৈরি বিশেষ ধরনের বায়ো-ডিগ্রেডেবল ব্যাগ চালুর পরিকল্পনা নিয়েছে রাজ্য। দেখতে অনেকটা প্লাস্টিকের মতো হলেও জলের সংস্পর্শে এলেই এই ব্যাগ গলে বা মিশে যাবে বলে দাবি।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
প্লাস্টিক দূষণ রুখতে এর আগে পাট, চট কিংবা কাপড়ের ব্যাগ ব্যবহারের প্রচার হয়েছে। কিন্তু বাজারে যাওয়ার সময় ব্যাগ সঙ্গে নিতে ভুলে যাওয়ার প্রবণতা থেকে পুরোপুরি মুক্তি মেলেনি। সেই সমস্যার কথা মাথায় রেখেই এ বার বিকল্প ব্যবস্থার কথা ভাবা হচ্ছে বলে জানান অগ্নিমিত্রা।
পরিকল্পনা অনুযায়ী, আগামী দিনে বাজারের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে বসানো হবে বিশেষ ভেন্ডিং মেশিন। সেখানে মাত্র ২, ৫ বা ১০ টাকায় মিলবে ভুট্টা থেকে তৈরি পরিবেশবান্ধব ব্যাগ। ফলে হঠাৎ বাজার করতে গিয়ে ব্যাগের প্রয়োজন পড়লে সহজেই তা কিনে নেওয়া যাবে। মাছ-মাংসের মতো সামগ্রী কেনার ক্ষেত্রেও ব্যবহার করা যাবে এই ব্যাগ।
শুধু বিক্রি নয়, বর্জ্য প্লাস্টিক সংগ্রহের সঙ্গেও এই ব্যবস্থাকে যুক্ত করার ভাবনা রয়েছে। ভেন্ডিং মেশিনে খালি প্লাস্টিকের বোতল জমা দিলে বিনামূল্যেই পরিবেশবান্ধব ব্যাগ পাওয়ার সুযোগ থাকবে। অর্থাৎ এক দিকে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ, অন্য দিকে তার বদলে বিকল্প ব্যাগ—দুই উদ্দেশ্যই পূরণ হবে।
অগ্নিমিত্রার দাবি, সাধারণ মানুষের দৈনন্দিন অভ্যাসের সঙ্গে পরিবেশবান্ধব ব্যবস্থাকে যুক্ত করাই এই পরিকল্পনার মূল লক্ষ্য। পাট বা কাপড়ের ব্যাগের বিকল্প হিসেবে ভুট্টা-নির্ভর এই প্রযুক্তি বাস্তবে কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার। তবে প্লাস্টিক দূষণ রোধে রাজ্যের পরিকল্পনায় এই উদ্যোগ নতুন মাত্রা যোগ করতে পারে বলেই মনে করা হচ্ছে।