প্রথম বাজেট নিয়ে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটকে ‘পশ্চিমবঙ্গের হারানো সংস্কৃতি ও মর্যাদা ফিরিয়ে আনার প্রয়াস’ বলে ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার বিধানসভায় ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশের পর কলকাতায় সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, রাজ্যে ভয়ের পরিবেশ দূর করা, সাংবিধানিক শাসন প্রতিষ্ঠা এবং শিল্প-বাণিজ্যের উপযুক্ত পরিবেশ গড়ে তোলাই এই বাজেটের মূল লক্ষ্য।
এ দিন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ৪ লক্ষ ৩৮ হাজার ৭৭৫ কোটি ২৯ লক্ষ টাকার বাজেট পেশ করেন। বাজেট-পরবর্তী সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এই বাজেটে পশ্চিমবঙ্গের নিরাপত্তা, নাগরিকদের ভয়মুক্ত পরিবেশ প্রদান এবং সংস্কৃতির পুনরুজ্জীবনের উপর জোর দেওয়া হয়েছে। শিক্ষা, কৃষি, শিল্প— কোনও ক্ষেত্রই উপেক্ষিত হয়নি।’’
রাজ্য সরকারি কর্মীদের জন্য ২০ শতাংশ হারে মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির ঘোষণা করেছে সরকার। আগামী ১ অক্টোবর থেকে এই বর্ধিত ডিএ কার্যকর হবে। এর ফলে মোট ডিএ বেড়ে দাঁড়াবে ৩৮ শতাংশে। যদিও কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার প্রতিশ্রুতি এখনও পূরণ হয়নি, সে বিষয়ে কিছুটা সময় চেয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর কথায়, ‘‘২২ শতাংশ ডিএ-র ব্যবধান পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ধাপে ধাপে সেই লক্ষ্য পূরণ করা হবে।’’
বাজেটে একাধিক সামাজিক প্রকল্পের ঘোষণাও করা হয়েছে। অন্নপূর্ণা প্রকল্পের আওতায় মহিলাদের মাসে ৩,০০০ টাকা দেওয়ার পাশাপাশি উচ্চশিক্ষায় ছাত্রীদের ড্রপআউট রুখতে অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে।
এছাড়া, ২১ থেকে ৪৫ বছর বয়সি বেকার স্নাতকদের মাসিক ৩,০০০ টাকা ভাতা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। অন্য বেকারদের জন্য মাসে ২,০০০ টাকা ভাতার ব্যবস্থাও করা হয়েছে। শর্ত হল, আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় ১ লক্ষ টাকার কম হতে হবে এবং অন্য কোনও সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাভোগী হওয়া চলবে না।
অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫,০০০ টাকার পেনশন চালুর ঘোষণাও করা হয়েছে বাজেটে। পাশাপাশি, উত্তরবঙ্গে কেন্দ্রের সহযোগিতায় একটি আইআইটি এবং একটি আইআইএম গড়ে তোলার পরিকল্পনার কথা জানানো হয়েছে। ফলতা এলাকাকে মডেল শহর হিসেবে গড়ে তোলার রূপরেখাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।
অন্য দিকে, কল্যাণীর কাছে দ্বিতীয় গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণ, ‘বন্দেমাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে জাদুঘর নির্মাণ এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন ৬ জুলাইকে সরকারি ছুটি ঘোষণা করার প্রস্তাবও বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছে রাজনৈতিক মহল।