একটা শহরে একের পর এক বিস্ফোরণ। কোথাও ককটেল বোমার আওয়াজ, কোথাও দাউদাউ করে জ্বলছে বাস। কোথাও আবার আগুনের ধোঁয়ায় ঢেকে যাচ্ছে মেট্রো স্টেশন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মগেট, মিরপুর থেকে পল্লবী, এমনকী আদালত চত্বরও বাদ যাচ্ছে না বিস্ফোরণ আর অগ্নিসংযোগের ঘটনা থেকে। বাংলাদেশের রাজধানী ঢাকায় ফের অশান্তির আগুন জ্বলতে শুরু করেছে। কারা চালাচ্ছে এই ধারাবাহিক হামলা? কেন একের পর এক সরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, পুলিশ স্টেশন এবং গণপরিবহণকে নিশানা করা হচ্ছে? এর নেপথ্যে কি শুধুই রাজনৈতিক সংঘাত, নাকি রয়েছে আরও বড় কোনও ষড়যন্ত্র? সবচেয়ে বড় প্রশ্ন, ১৩ নভেম্বর ঢাকায় লকডাউনের ডাক দিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগ। তার আগেই কি রাজধানীকে অশান্ত করে তোলার চেষ্টা চলছে?

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
ঢাকার পরিস্থিতি কতটা উদ্বেগজনক, তা বোঝা যাচ্ছে গত কয়েক দিনের ঘটনাক্রম দেখলেই। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ এবং বাসে আগুন লাগানোর ঘটনা ঘটছে। তবে গত রবিবার থেকে এই হামলার মাত্রা আরও বেড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, নীলক্ষেত, শাহবাগ, মালিবাগে সিআইডি সদর দফতরের সামনে, পল্লবী থানার চত্বর, মিরপুর, তেজগাঁও, পান্থপথ, যাত্রাবাড়ি একের পর এক জায়গায় বিস্ফোরণের খবর সামনে এসেছে। কোনও কোনও জায়গায় মোটরবাইকে করে এসে দুষ্কৃতীরা বোমা ছুড়ে পালিয়ে যাচ্ছে বলে অভিযোগ। আবার কোথাও পুলিশ স্টেশন লক্ষ্য করে ছোড়া হচ্ছে ককটেল। গত কয়েক দিনে ঢাকায় ৫০টিরও বেশি ককটেল বিস্ফোরণ এবং অন্তত আটটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অর্থাৎ, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা নয়। রাজধানীর একাধিক এলাকায় ছড়িয়ে পড়েছে এই নাশকতার ঘটনা।
সোমবার সন্ধ্যা নামতেই ফের উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা। ফার্মগেট মেট্রো স্টেশনের ঠিক নীচে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে কালো ধোঁয়া। সেই ধোঁয়া ঢুকে পড়ে মেট্রো স্টেশনের ভিতরেও। আতঙ্কিত যাত্রীরা স্টেশন ছেড়ে বেরিয়ে আসতে শুরু করেন।নিরাপত্তার কারণে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ফার্মগেট মেট্রো স্টেশন। প্রায় ৩০ মিনিট পরিষেবা বন্ধ থাকার পর রাতে ফের চালু হয় মেট্রো চলাচল।
একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরেও বিস্ফোরণের ঘটনা ঘটে। ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের সামনেও বিস্ফোরণের খবর আসে। এখানেই শেষ নয়। মিরপুরের সরকারি বাংলা কলেজের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। কলেজের পাশের একাধিক দোকানেও আগুন লাগানোর অভিযোগ ওঠে। রামপুরা-বনশ্রী, তিতুমীর কলেজ, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এবং সাউথইস্ট ইউনিভার্সিটির আশপাশেও বিস্ফোরণের খবর পাওয়া যায়।পল্লবী, শ্যামপুর এবং দক্ষিণ কেরানীগঞ্জেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এক কথায়, ঢাকা শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত আতঙ্ক যেন পিছু ছাড়ছে না সাধারণ মানুষের।
এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। কেন হঠাৎ এভাবে অশান্ত হয়ে উঠল বাংলাদেশের রাজধানী? এই ঘটনার নেপথ্যে রয়েছে বাংলাদেশের অত্যন্ত স্পর্শকাতর রাজনৈতিক পরিস্থিতি। ১৩ নভেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচির ডাক দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। শেখ হাসিনার দল এই কর্মসূচির মাধ্যমে বর্তমান সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিবাদ জানাতে চাইছে। আর ১৩ নভেম্বরই বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা-সহ তিন অভিযুক্তের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে। অর্থাৎ, একই দিনে একদিকে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি, অন্যদিকে শেখ হাসিনার মামলার রায়। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশঙ্কা, এই রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী-সহ দেশের বিভিন্ন জায়গায় অশান্তি তৈরি হতে পারে।
পুলিশের অভিযোগ, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের একাংশ এই বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের ঘটনায় জড়িত। এদিকে ঢাকার রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল করে তুলেছে অন্যান্য রাজনৈতিক দলের কর্মসূচিও। বুধবার ঢাকায় সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামি-সহ আটটি ইসলামপন্থী দল। তাদের মূল দাবি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি নভেম্বর মাসের মধ্যেই এই বিষয়ে গণভোট আয়োজনের দাবিও তুলেছে তারা।অন্যদিকে, বিএনপি নিজেদের নির্বাচনী প্রস্তুতি এবং রাজনৈতিক কর্মসূচি নিয়ে সক্রিয়।
ফলে একদিকে আওয়ামী লীগের লকডাউনের ডাক, অন্যদিকে জামায়াত-সহ আট দলের সমাবেশ, তার উপর বিএনপির রাজনৈতিক তৎপরতা সব মিলিয়ে বাংলাদেশের রাজধানীতে তৈরি হয়েছে এক অগ্নিগর্ভ পরিস্থিতি। আর এই রাজনৈতিক উত্তেজনার মধ্যেই একের পর এক বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, বিভিন্ন সময়ে বাস ও বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার মাধ্যমে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে পতিত শক্তি। তবে তদন্ত শেষ হওয়ার আগে নির্দিষ্টভাবে কারা এই হামলার সঙ্গে জড়িত, তা বলে দেওয়া ঠিক হবে না বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। সরকারের অবস্থান, নাশকতায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, রাজধানীর গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। চলছে অতিরিক্ত পুলিশি টহল, তল্লাশি এবং গোয়েন্দা নজরদারি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
এখনও পর্যন্ত পাওয়া খবর বলছে, সোমবার রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন জায়গায় বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অর্থাৎ, পুলিশের ধরপাকড় এবং নিরাপত্তা বাড়ানোর পরেও পুরোপুরি থামেনি নাশকতা। ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর, ফার্মগেট, পল্লবী এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
নভেম্বরের গোড়ায় ঢাকার মিরপুর-সহ বিভিন্ন এলাকায় পোশাক শ্রমিকদের বিক্ষোভও হয়েছিল। তাঁদের দাবি ছিল, মাসিক ন্যূনতম বেতন ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করতে হবে। শ্রমিকদের এই আন্দোলনের জেরে বিভিন্ন পোশাক কারখানার উৎপাদন ব্যাহত হয়।
সব মিলিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকা এখন এক কঠিন রাজনৈতিক ও নিরাপত্তাজনিত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে শেখ হাসিনার মামলার রায় ঘিরে উত্তেজনা, অন্যদিকে আওয়ামী লীগের ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচি। তার উপর জামায়াত-সহ আটটি দলের সমাবেশ, রাজনৈতিক সংঘাতের আশঙ্কা এবং একের পর এক ককটেল বিস্ফোরণ। প্রশ্ন উঠছে, ১৩ নভেম্বরের আগে কি আরও অশান্ত হয়ে উঠবে বাংলাদেশ?