দীপাবলির আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের উপহার ডিএ!

দীপাবলির আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সুখবর। মহার্ঘ ভাতা (ডিএ) এবং মহার্ঘ ত্রাণ (ডিআর) ৩ শতাংশ বৃদ্ধির অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।

বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ মূল বেতনের ৬০ শতাংশ থেকে বেড়ে ৬৩ শতাংশ হবে। নতুন হার কার্যকর হবে ২০২৬ সালের ১ জুলাই থেকে। অর্থাৎ, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বর্ধিত ভাতার বকেয়াও পাওয়ার কথা কর্মীদের।

কেন্দ্রের হিসাব অনুযায়ী, এই সিদ্ধান্তের সুবিধা পাবেন প্রায় ৪৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৮ লক্ষ পেনশনভোগী। সরকারের কোষাগার থেকে এর জন্য অতিরিক্ত প্রায় ১০,০১৬ কোটি টাকা খরচ হবে। সাধারণত বছরে দু’বার—জানুয়ারি ও জুলাই মাসে—মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ডিএ এবং ডিআর সংশোধন করে কেন্দ্র।

কত টাকা বাড়বে বেতন?

ডিএ বৃদ্ধির ফলে কর্মীদের হাতে কত অতিরিক্ত টাকা আসবে, তা নির্ভর করবে তাঁদের মূল বেতনের উপর। যেমন, কারও মূল বেতন ১৮,০০০ টাকা হলে মাসে অতিরিক্ত ৫৪০ টাকা ডিএ পাবেন তিনি। মূল বেতন ৩০,০০০ টাকা হলে মাসে বাড়তি মিলবে ৯০০ টাকা। আর ৫০,০০০ টাকা মূল বেতনের ক্ষেত্রে প্রতি মাসে অতিরিক্ত ১,৫০০ টাকা পাবেন কর্মী।

বকেয়া কত মিলবে?

জুলাই থেকে নতুন হার কার্যকর হওয়ায় চার মাসের বকেয়া পাওয়ার কথা কর্মচারীদের। ১৮,০০০ টাকা মূল বেতনে চার মাসে বকেয়া হবে ২,১৬০ টাকা। ৩০,০০০ টাকা মূল বেতনে তা ৩,৬০০ টাকা এবং ৫০,০০০ টাকা মূল বেতনে ৬,০০০ টাকা।

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার কর্মচারী ও পেনশনভোগীদের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে। তবে বর্ধিত ডিএ ও বকেয়া ঠিক কবে বেতনের সঙ্গে জমা হবে, তা কার্যকরী নির্দেশিকার উপর নির্ভর করবে।