দেশের মধ্যে প্রথম, সৌরবিদ্যুৎ ব্যবহারে পুরস্কৃত রেল মন্ত্রক

নবায়নযোগ্য শক্তি সম্মেলন ও প্রদর্শনী ২০২৬-এ কেন্দ্রীয় রেল মন্ত্রককে বিশেষ সম্মানে ভূষিত করলেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন। বুধবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত এই অনুষ্ঠানে রেল মন্ত্রকের হাতে তুলে দেওয়া হয় ‘পিএম সূর্য ঘর এক্সেলেন্স অ্যাওয়ার্ড’।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

‘পিএম সূর্য ঘর: মুফত বিজলি যোজনা’র আওতায় কেন্দ্রীয় মন্ত্রক ও দফতরগুলির মধ্যে সবচেয়ে বেশি সরকারি ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করার জন্য প্রথম স্থান অধিকার করেছে রেল মন্ত্রক। সরকারি প্রতিষ্ঠানগুলিতে সৌরশক্তির ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে এই সাফল্য দেশের সামনে নতুন দৃষ্টান্ত তৈরি করেছে বলে জানানো হয়েছে।

রেল মন্ত্রকের তরফে দেশজুড়ে ১৫,৮৬৮টি ভবনে ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা বসানোর পরিকল্পনা করা হয়েছিল। এর মধ্যে এখনও পর্যন্ত ১২,৪৯৫টি ভবনে এই ব্যবস্থা চালু হয়েছে। অর্থাৎ, চিহ্নিত ভবনগুলির প্রায় ৭৯ শতাংশ ইতিমধ্যেই সৌরবিদ্যুতের আওতায় এসেছে। পাশাপাশি, ৪২৪ মেগাওয়াট লক্ষ্যমাত্রার মধ্যে ৩৫১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা তৈরি করা সম্ভব হয়েছে।

অন্যদিকে, দেশের ৭৭টি কেন্দ্রীয় মন্ত্রক ও দফতরের অধীনে মোট ৩৯,১৩৫টি ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর পরিকল্পনা করা হয়েছিল। এখনও পর্যন্ত ২৫,৯৮৪টি ভবনে এই ব্যবস্থা চালু হয়েছে। অর্থাৎ, মোট চিহ্নিত ভবনের ৬৬ শতাংশ সৌরবিদ্যুতের আওতায় এসেছে। এই সাফল্যে উল্লেখযোগ্য অবদান রয়েছে রেল মন্ত্রকের। রেল মন্ত্রকের লক্ষ্য, ২০২৭ সালের মার্চের মধ্যে বাকি সম্ভাবনাময় ভবনগুলিতেও ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা। পরিচ্ছন্ন শক্তির ব্যবহার বাড়ানো এবং পরিবেশবান্ধব ভারত গড়ার লক্ষ্যেই এই উদ্যোগ চালিয়ে যেতে চায় রেল মন্ত্রক।