নামেই নদী! বাস্তবে দূষিত ফেনায় ঢাকা দিল্লির যমুনা। ছটপুজোর উৎসবেও বদলাল না সেই ছবি। বিষাক্ত ফেনার মধ্যেই যমুনার জলে দাঁড়িয়ে অর্ঘ্য দিলেন মহিলারা। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই নদীর দূষণ নিয়ে নতুন করে শুরু হল আপ-বিজেপির রাজনৈতিক তরজা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
সোমবার দেশ জুড়ে ছটপুজো পালিত হয়। তার মধ্যেই যমুনার দূষিত জলের ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করে আম আদমি পার্টি (আপ)। ভিডিয়োয় দেখা যায়, বিপুল ফেনায় ঢেকে রয়েছে নদীর জল। তার মধ্যেই জলে নেমে পুজো করছেন মহিলারা। ভিডিয়োর সঙ্গে আপের কটাক্ষ, ‘‘এআই নয়, ছটে যমুনার এটাই বাস্তব ছবি।’’
দিল্লির আপ সভাপতি সৌরভ ভরদ্বাজও বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হন। তাঁর অভিযোগ, দূষণের কারণে যমুনায় হাজার হাজার মাছ মারা গিয়েছে। নদী পরিষ্কারের নামে কোটি কোটি টাকা খরচ হলেও বাস্তবে তার সুফল মেলেনি।
আপের অভিযোগের পাল্টা জবাব দিয়েছে বিজেপি। তাদের প্রকাশিত ভিডিয়োয় তুলনামূলক স্বচ্ছ যমুনায় নৌকা চলার ছবি তুলে ধরে দাবি করা হয়েছে, মাত্র দু’বছরের মধ্যেই নদীর অর্ধেকের বেশি অংশ পরিষ্কার করা হয়েছে। বিজেপির বক্তব্য, ‘‘আপ-কংগ্রেস ২৭ বছরে যা পারেনি, বিজেপি দেড় বছরে তা করে দেখিয়েছে।’’ দলের আরও দাবি, আগে যেখানে ছটপুজো কার্যত নিষিদ্ধ ছিল, এখন সেখানে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা নিজেই নদীতে নেমে পুজো করছেন।

তবে বিতর্ক থামেনি। ছটের প্রথম দিন সোনিয়া বিহারের কাছে যমুনায় শত শত মরা মাছ ভেসে থাকার ভিডিয়ো ভাইরাল হয়েছিল। জলমন্ত্রী পারভেশ বর্মার অভিযোগ, সরকারকে বদনাম করতেই বাজার থেকে মরা মাছ এনে নদীতে ফেলা হয়েছিল। ঘটনায় ওয়াজিরাবাদ থানায় এফআইআর হয়েছে এবং ভিডিয়ো পোস্টের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে।
যদিও মাছ মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। স্থানীয়দের একাংশের অভিযোগ, হাথনিকুণ্ড ব্যারাজের কাছে একটি ট্যানারি থেকে বর্জ্য নদীতে পড়ার ফলেই মাছের মৃত্যু হয়েছে। ফলে ছটের উৎসবেও যমুনা হয়ে উঠল দিল্লির রাজনীতির নতুন ময়দান।