বিজেপিকে নিশানা করে ঝাঁঝালো আক্রমণ অভিষেকের

“রথযাত্রা নয় বিসর্জন যাত্রা!” মথুরাপুরে বিজেপিকে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : বিধানসভা নির্বাচন সামনে আসতেই বাংলার রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। এই আবহেই রবিবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের গোপীনাথপুরে এক জনসভা থেকে বিজেপি ও কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চ থেকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বিধানসভা ভোটের আগে এসআইআর প্রক্রিয়ায় এখনও ৬০ লক্ষেরও বেশি মানুষের নাম বিবেচনাধীন রয়েছে। এই প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, বাংলার মানুষের অধিকার কেড়ে নিতে গিয়ে বিজেপি নিজেদেরই রাজনৈতিক কবর খুঁড়ে ফেলছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তিনি বলেন, নারী শক্তি সঙ্গে থাকলে কোনও শক্তিই বাংলাকে হারাতে পারবে না। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথাও তুলে ধরেন তিনি।এদিন বিজেপির রথযাত্রাকেও কটাক্ষ করেন অভিষেক। তাঁর বক্তব্য, বিজেপির রথযাত্রা এখন বিসর্জন যাত্রায় পরিণত হয়েছে। আগামী বিধানসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার ৩১টি আসনের মধ্যে ৩১টিতেই তৃণমূল জয়লাভ করবে বলেও আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি।