“ইভিএম নয়, কারচুপি হয়েছে ভোটার তালিকায়”, বিস্ফোরক অভিষেক

Abhishek Banerjee at EC, Delhi: “ইভিএম নয়, কারচুপি হয়েছে ভোটার তালিকায়”, বিস্ফোরক অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনারকে কী চ্যলেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক ?

মাম্পি রায়, সাংবাদিক : “ইভিএমে কারচুপি করেই ভোটে জিতেছে বিজেপি।“ এমন অভিযোগ একাধিকবার তুলেছে কংগ্রেস। কিন্তু বুধবার দিল্লিতে গিয়ে অন্য অভিযোগ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ইভিএমে কোনও কারচুপি হচ্ছে না। আসল চুরি হচ্ছে ভোটার তালিকায়। যারা বিজেপি বিরোধী, তাদেরকে বলব, ভোটার তালিকার চুরি ধরতে হবে। তৃণমূলই একমাত্র দল, যারা এটা ধরে ফেলেছে। কংগ্রেস যদি ভোটার তালিকার এই চুরি ধরতে পারত, তা হলে হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লি এবং বিহারে বিজেপি জিততে পারত না। কংগ্রেস, আম আদমি পার্টি, ডিএমকে সব দলই জানে কারচুপি হচ্ছে। কিন্তু কীভাবে সেই কারচুপি করা হচ্ছে, সেটা কেউ ধরতে পারছে না।”

ভোটার তালিকার মাধ্যমে কীভাবে ভোট চুরি করা হচ্ছে, তারও ব্যাখ্যা করেছেন অভিষেক। তিনি বলেন, “সফটওয়্যারের মাধ্যমে অ্যালগোরিদমের  উপর ভর করে এই ভোটচুরি হচ্ছে। নির্বাচন কমিশনের সাহস থাকলে সফটওয়্যার রান করে কোন অ্যালগোরিদমে চালানো হচ্ছে, তা দেখাক। “

এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গের পাশাপাশি বিধানসভা ভোট রয়েছে তামিলনাড়ু, কেরল ও পুদুচেরিতে। তার আগে এনডিএর বিরুদ্ধে লড়াইয়ের জন্য় ইন্ডিয়া জোটের শরিকদের এই ভোট কারচুপি নিয়ে বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 এদিকে এসআইআর (SIR) নিয়েও তোলপাড় রাজ্য রাজনীতি।  এদিকে এসআইআর নিয়ে মানুষকে হেনস্থার কথাও উঠে আসছে আকছাড়। কীভাবে শারীরিক সমস্যা নিয়েও না বাদ যাওয়ার কারণে শুনানিতে ছুটে যেতে হচ্ছে অশীতিপর বৃদ্ধ-বৃদ্ধাদের। এই ইস্যুতে ইতিমধ্যে মোদী সরকার এবং নির্বাচন কমিশনকে বিঁধেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে বাংলায় এসআইআর খসড়া তালিকা থেকে বাদ পড়েছেন প্রায় ৫৮ লক্ষ ভোটার। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছি যে ৫৮ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে তাদের মধ্যে রোহিঙ্গা কতজন এবং বাংলাদেশী অনুপ্রবেশকারী কতজন? তালিকা প্রকাশ করা উচিত। না হলে গত দুই তিন বছর ধরে যেভাবে বাংলাতে বদনাম করা হয়েছে তার জন্য ক্ষমা চাইতে হবে। সিলেক্টিভলি বাংলাতেই কোন মাইক্রো অবজার্ভার কেন লাগানো হচ্ছে? দেখে বোঝাই যাচ্ছে উপর থেকে কেউ নির্দেশ দিচ্ছেন, সেইমতো কাজ করছে।”

   ২৬-এর ভোটের আগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চ্যালেঞ্জ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন অভিষেক। তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে বৈঠক। সূত্রের খবর আলোচনার সময় মেজাজ হারান মুখ্য নির্বাচন কমিশনার। আঙুল তুলেও কথা বলেছিলেন। চুপ না থেকে মুখ্য নির্বাচন কমিশনারকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বলেন, “আপনি মনোনীত। আমি নির্বাচিত জনপ্রতিনিধি।  বন্ডেড লেবার বা স্লেভ নই। মাথা নত করতে হলে মানুষের কাছে করবো, আপনাদের কাছে নয়।“