‘জয়ের ব্যবধান বাড়ানোর’ ডাক অভিষেকের

জয়নগরে জনসভা থেকে বিজেপিকে নিশানা অভিষেকের, ‘জয়ের ব্যবধান বাড়ানোর’ ডাক অভিষেকের।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : জয়নগর ও মন্দিরবাজার বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ দাস ও জয়দেব হালদারের সমর্থনে বুধবার জয়নগরে জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভায় কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড় ছিল।

বক্তব্যে জয়নগরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন অভিষেক। বলেন, “জয়নগর বিধানসভা কেন্দ্রে সব থেকে বড় সাফল্য জয়নগরের মোয়া জিআই ট্যাগ পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মোয়া হাব তৈরি হয়েছে, সরকার ব্যবস্থা করেছে। নিমপীঠে দমকলের ব্যবস্থা হয়েছে, রাস্তায় হাইমাস্ট লাইট লাগানো হয়েছে।”

দক্ষিণ ২৪ পরগনাকে নিজের ‘কর্মভূমি’ উল্লেখ করে তিনি বলেন, “কলকাতা আমার জন্মস্থান, দক্ষিণ ২৪ পরগনা আমার কর্মভূমি। আমি যে ভাবে ডায়মন্ড হারবারকে আগলে রাখি তেমন ৩১টি বিধানসভাকে আগলে রাখতে চাই। আপনারা আদেশ করবেন, আমার শেষ রক্তবিন্দু দিয়ে কাজ করব।”

বিজেপিকে নিশানা করে অভিষেক বলেন, “বিজেপিকে গণতান্ত্রিক ভাবে হাত-পা ভেঙে বলো হরি হরি বল। ২৯ তারিখে বহিরাগতদের লেজেগোবরে করব। বিজেপি চেয়েছে আপনার চোখে জল নেমে আসুক, আমরা চেয়েছি আপনার মুখে হাসি ফোটাতে।”

তিনি আরও বলেন, “নারীদের প্রতি সম্মান নেই। প্রধানমন্ত্রী আগের বারের ৭৭-এ আটকে যাবে, এবার অমিত শাহ ৫০-এ আটকে যাবে। বাংলার মানুষ জবাব দেবে আগামী ৪ তারিখ। আগামী ১২ দিন পরে বিজেপিকে দেখা যাবে না। ৪ তারিখের পর ‘তোমার দেখা নাইরে তোমার দেখা নাই’।”

মূল্যবৃদ্ধি নিয়েও কেন্দ্রকে আক্রমণ করেন তিনি। বলেন, “সার্বিক দাম বেড়েছে। নরেন্দ্র মোদির সরকার লুটেপুটে খাবে। আর তৃণমূল জিতলে আমার এলাকার উন্নতি হবে। আর ওরা জিতলে গুজরাটে লুটে নিয়ে যাবে।”

ভোটারদের উদ্দেশে তাঁর আর্জি, “গরম পড়লেও ২৯ তারিখ ভোট দিতে যাবেন। গরম পড়লেও আমাদের যারা লাইনে দাঁড় করিয়েছে, তাদের লাইনে দাঁড়িয়েই জবাব দিতে হবে।”

ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে অভিষেক বলেন, “আগামী দিনে দুয়ারে স্বাস্থ্য ব্যবস্থা হবে। যাদের বাড়ির প্রয়োজন আছে, তাদের বাড়ি করে দেবে আমাদের সরকার। জয়নগর, মন্দিরবাজার জয়ের ব্যবধান বাড়ান, আমি কাজের নিরিখে ১ নম্বর করব। জয়ে ১, উন্নয়নে ১ হবে।”