ক্যামাক স্ট্রিটের বিলবোর্ড-কাণ্ডে অবশেষে শেক্সপিয়র সরণি থানায় হাজির হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার চতুর্থীর সকালে নির্ধারিত সময়েই থানায় পৌঁছন তিনি। সঙ্গে ছিলেন এক আইনজীবী। থানার সামনে গাড়ি থেকে নামার পর সাংবাদিকেরা তাঁকে একাধিক প্রশ্ন করলেও কোনও জবাব দেননি অভিষেক। সরাসরি থানার ভিতরে ঢুকে যান তিনি।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরের সামনে লাগানো বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে গত ২৭ অগস্ট উত্তেজনা ছড়িয়েছিল। কলকাতা পুরসভার দাবি, বিলবোর্ডটি বেআইনি। সেটি খুলতে গেলে পুরকর্মীদের কাজে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি হয়। অভিযোগ, অভিষেকের দফতরে ঢোকার সময়ে পুলিশকর্মীদের কলার ধরে মারধর করা হয়। ধস্তাধস্তিতে কয়েক জন পুলিশকর্মী সিঁড়িতে পড়েও যান। পুরকর্মীদেরও বাধা দেওয়া এবং মারধরের অভিযোগ ওঠে। শেষ পর্যন্ত বিলবোর্ডটি খুলে দেয় পুরসভা। এই ঘটনায় অভিষেক-সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কলকাতা পুরসভা। পুলিশ ও পুরকর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগে কয়েক জনকে আটকও করা হয়।
এই ঘটনার সূত্রেই অভিষেককে শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল। রবিবার তাঁর বাড়িতে গিয়ে নোটিস দেন পুলিশ আধিকারিকেরা। তাতে সোমবার সকাল ১০টায় থানায় হাজির হতে বলা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে হাজিরা দেননি সাংসদ। পরিবর্তে ইমেল করে তলবের আগে ৪৮ ঘণ্টা সময় চেয়ে নেন তিনি। তার পরেই সোমবার ফের তাঁর বাড়িতে যান পুলিশ আধিকারিকেরা। বুধবার সকাল ১১টায় হাজিরার নির্দেশ দিয়ে নতুন নোটিস দেওয়া হয়।
সেই নোটিস মেনেই বুধবার থানায় পৌঁছন অভিষেক। বিলবোর্ড-কাণ্ডে পুরসভার দায়ের করা তিনটি মামলার মধ্যে একটি মামলায় এর আগে প্রায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে। পুরসভার আরও একটি এফআইআর-এর ভিত্তিতে শেক্সপিয়র সরণি থানায় তাঁকে তলব করা হয়। সেই মামলাতেই এ দিনের হাজিরা।