দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভোটে এবিভিপির জয়জয়কার!

মাম্পি রায়, সাংবাদিকঃ গেরুয়া ঝড়ে উড়ে গেল কংগ্রেসের ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া। বৃহস্পতিবার ভোটগ্রহণ হয়েছিল দিল্লি বিশ্ববিদ্যালয়ে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফল প্রকাশিত হল । কংগ্রেস প্রভাবিত ছাত্র সংগঠন কংগ্রেসের ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়াকে পরাজিত করে সভাপতি পদ পুনর্দখল করল আরএসএসের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। সম্পাদক এবং যুগ্ম সম্পাদক পদও পেয়েছে এবিভিপি। যদিও সহ-সভাপতি পদে এবিভিপি প্রার্থীকে হারিয়ে দিয়েছেন এনএসইউআই প্রার্থী।

সভাপতি পদের জন্য এবিভিপির আরিয়ান মানের প্রাপ্ত ভোট ২৮ হাজার ৮৪১। অন্যদিকে প্রতিপক্ষ এনএসইউআইয়ের জোসলিন চৌধুরী পেয়েছেন ১২ হাজার ৬৪৫টি ভোট। এসএফআই-আইসা জোট প্রার্থীর প্রাপ্ত ভোট ৫ হাজার ৩৮৫।

সম্পাদক পদের জন্য এবিভিপির কুণাল চৌধুরী পেয়েছেন ২৩ হাজার ৭৭৯টি ভোট। প্রতিপক্ষ এনএসইউআই প্রার্থী পেয়েছেন ১৬ হাজার ১৭৭টি ভোট। এসএফআই-আইসা জোট প্রার্থীর প্রাপ্ত ভোট ৯ হাজার ৫৩৫।

২০২৪ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সভাপতি এবং যুগ্ম সম্পাদক পদে জিতেছিল এনএসইউআই। এবিভিপির ঝুলিতে গিয়েছিল সহ-সভাপতি এবং‌ সম্পাদক পদ। দিল্লির বিধানসভা ভোটে জয়ের পরে দিল্লি বিশ্ববিদ্যালয়ের দখল নিল এবিভিপি। ২০২৪ সালের আগে টানা ৭ বছর ছাত্র সংগঠনের চারটি গুরুত্বপূর্ণ পদ ধারাবাহিকভাবে নিজেদের দখলে রেখেছিল এবিভিপি। মাঝে তাল কাটলেও, আবার এনএসইউআইকে পিছনে ফেলে ক্ষমতায় ফিরল এবিভিপি। এক নজরে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ পদগুলি কার ঝুলিতে গেল –

  • সভাপতি – আরিয়ান মান (এবিভিপি)
  • সহ সভাপতি – রাহুল ঝাঁসলা (এনএসইউআই)
  • সম্পাদক – কুণাল চৌধুরী (এবিভিপি)
  • যুগ্ম সম্পাদক – দীপিকা ঝা (এবিভিপি)

এনএসইউআই প্রতিদ্বন্দ্বী জসলিন নন্দিতা চৌধুরিকে ১৬ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়েছে সভাপতি পদ দখল করেছেন এবিভিপি প্রার্থী আরিয়ান মান। এবিভিপির কুণাল চৌধুরী বলেন, আমি দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সম্পাদক নির্বাচিত হয়েছি ৷ বিশ্ববিদ্য়ালয়ের পড়ুয়াদের আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই ৷ করজোরে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ৷ দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক পড়ুয়াকে আশ্বস্ত করছি, কখনও কারও কিছু প্রয়োজন হলে, আমি সবসময় পাশে আছি ৷

সহ-সভাপতি পদে এনএসইউআই প্রার্থী রাহুল ঝাঁসলা প্রায় ৯ হাজার ভোটে হারিয়েছেন এবিভিপি প্রার্থী গোবিন্দ তানওয়ারকে। এনএসইউআই-এর সর্বভারতীয় সভাপতি বরুণ চৌধুরী ভোটের ফল প্রকাশের পর বলেন, ‘‘শুধু এবিভিপি নয়, আমাদের লড়তে হয়েছে বিজেপি, আরএসএস এবং দিল্লি পুলিশের যৌথ বাহিনীর বিরুদ্ধে।’’

বৃহস্পতিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ভোটে ২ লক্ষ ৭৫ হাজার ছাত্র ভোটদান করেছেন। ৫০-এর বেশি কলেজ পড়ুয়া ভোটদান করেছেন ওইদিন। ৫২টি ভোটকেন্দ্রে ১৯৫টি বুথে ভোট হয়েছে। ৭১১টি ইভিএমে ভোটদান করেছেন ছাত্রছাত্রীরা। ভোটদানের হার ছিল ৩৯.৪৫ শতাংশ।