ABVP আন্দোলনে উত্তাল শান্তিনিকেতন

বোলপুরে এবিভিপি ছাত্রদের উপর হামলার অভিযোগ, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ। ১৮ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন কয়েকজন এবিভিপি ছাত্রের উপর হামলার অভিযোগ ওঠে। ঘটনার পর কয়েকদিন কেটে গেলেও এখনও অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ এবিভিপির। এর প্রতিবাদে শনিবার বোলপুরের বকুলতলায় রাস্তার উপর বসে বিক্ষোভ দেখান এবিভিপির ছাত্রছাত্রীরা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

এবিভিপির অন্যতম নেতা রূপক মণ্ডলের দাবি, হামলার ঘটনায় অভিযুক্তদের মধ্যে কয়েকজন ৪ মে ভোটের ফল ঘোষণার পর তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তবে হামলার ঘটনায় তৃণমূলের কোনও যোগ রয়েছে কি না, অথবা বিজেপির অন্য কোনও গোষ্ঠী এতে জড়িত কি না, তা এখনও স্পষ্ট নয়। একইসঙ্গে, হামলার সঠিক কারণ নিয়েও এবিভিপির পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

বিক্ষোভকারীদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করতে হবে। এদিন এবিভিপির প্রতিনিধিরা শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগও জানান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী তিন দিনের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।

ঘটনাকে কেন্দ্র করে বোলপুরে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য এখনও জানা যায়নি।