আদালতে যাওয়ার পথে রাহুল গান্ধীর কনভয়ে দুর্ঘটনা

উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কনভয়ের একাধিক গাড়ি। সোমবার সুলতানপুরে আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় অক্ষত রয়েছেন কংগ্রেস সাংসদ। দুর্ঘটনার পরেও নির্ধারিত সময়ে সুলতানপুরের বিশেষ এমপি-এমএলএ আদালতে পৌঁছন তিনি। এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। গাড়িগুলির কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা-ও স্পষ্ট নয়।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

২০১৮ সালের একটি মানহানির মামলায় আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল রাহুলের। সেই কারণেই সোমবার উত্তরপ্রদেশের সুলতানপুরের উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি। পথে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে তাঁর কনভয়ের একাধিক গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর রাহুলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হলেও কংগ্রেসের এক কর্মী জানান, নিরাপদেই আদালতে পৌঁছে গিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা।

ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সামনে এসেছে। সেখানে এক্সপ্রেসওয়ের উপর একাধিক গাড়িকে দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় দেখা গিয়েছে। ভিডিয়োয় একটি অ্যাম্বুল্যান্সকে পিছন দিক থেকে অন্য গাড়িগুলিতে ধাক্কা মারতে দেখা যায় বলে খবর। তবে ওই অ্যাম্বুল্যান্সটি রাহুলের কনভয়ের অংশ ছিল কি না, তা এখনও নিশ্চিত নয়।

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, কংগ্রেসের এক কর্মীর গাড়ির সঙ্গে অ্যাম্বুল্যান্সটির সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় রাহুলের নিজের গাড়ি বেশ কিছুটা এগিয়ে ছিল বলে জানা গিয়েছে। ফলে তাঁর গাড়ি সরাসরি সংঘর্ষের মধ্যে পড়েছিল কি না, তা নিয়ে আপাতত কোনও স্পষ্ট তথ্য নেই।

দুর্ঘটনার প্রকৃত কারণ কী, তা এখনও জানা যায়নি। সংঘর্ষে ঠিক কতগুলি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিংবা কোনও ব্যক্তি আহত হয়েছেন কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য মেলেনি। তবে দুর্ঘটনার পরেও রাহুলের আদালতে হাজিরা দিতে যাওয়ার কর্মসূচি ব্যাহত হয়নি। মানহানির মামলায় শুনানির জন্য তিনি সুলতানপুরের বিশেষ আদালতে পৌঁছন। পুরো ঘটনার বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।