হাসপাতাল থেকে ছুটি, রাজঘাটে শ্রদ্ধা জানিয়ে লাদাখে ফিরছেন সোনম ওয়াংচুক।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : দীর্ঘ আন্দোলনের পর অবশেষে হাসপাতাল থেকে ছুটি পেলেন লাদাখের পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। সোমবার সমাজমাধ্যম এক্স-এর একটি পোস্টে তিনি জানান, হাসপাতাল থেকে বেরিয়েই প্রথমে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধ রাজঘাটে গিয়ে শ্রদ্ধা জানাবেন। তার পর সেখান থেকে নিজের জায়গা লাদাখের উদ্দেশে রওনা দেবেন।
ওয়াংচুক লেখেন, ‘‘অবশেষে সেই দিন এসেছে, যেদিন আমি হাসপাতাল থেকে ছুটি পাচ্ছি। বাড়ি ফেরার আগে রাজঘাটে গিয়ে বাপুকে শ্রদ্ধা জানাব।’’ তিনি স্মরণ করিয়ে দেন, বাপুও একইভাবে সুইৎজ়ারল্যান্ড থেকে দেশে ফিরে অনশন শুরু করেছিলেন। তাই হাসপাতাল থেকে ছাড়া পেয়েই রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান সোনম। যন্তরমন্তরে আন্দোলনের সূচনার আগেও রাজঘাটে শ্রদ্ধা জানিয়েছিলেন তিনি। সোনমের কথায়, ‘‘আজও সেই পথই অনুসরণ করব। রাজঘাটে শ্রদ্ধা জানিয়ে তার পর লাদাখের উদ্দেশে রওনা দেব।’’
দেশজুড়ে আন্দোলনের প্রতি যে সমর্থন পেয়েছেন, তার জন্য সাধারণ মানুষের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওয়াংচুক। তিনি বলেন, ‘‘দেশের নানা প্রান্ত থেকে, বিভিন্ন বয়সের মানুষ আমাদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন। তাঁদের সমর্থনেই এই আন্দোলন সফল হয়েছে। ভবিষ্যতেও আপনাদের সঙ্গে এই সম্পর্ক বজায় থাকবে বলে আশা করি। সবাইকে আমার প্রণাম, শুভেচ্ছা। জয় হিন্দ।’’
টানা ৩৭ দিনের আন্দোলনের পর গত শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিজের পদ থেকে ইস্তফা দেন। ২০২৬ সালের নিট-ইউজি প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে যে বিক্ষোভ শুরু হয়েছিল, তার জেরেই এই রাজনৈতিক চাপ তৈরি হয়। প্রথম দিকে সমাজমাধ্যমে শুরু হওয়া ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রতিবাদ কর্মসূচিই পরে বড়সড় আকার নেয়। সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের একাধিক দাবি বিবেচনার আশ্বাস মেলার পর যন্তরমন্তরের অবস্থান প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সংগঠনটি।
আন্দোলনের প্রথম দিকে মূলত ছাত্র-যুবদের উপস্থিতিতেই যন্তরমন্তর সরগরম হয়ে উঠেছিল। সৃজনশীল পোস্টার, ব্যানার এবং নতুন প্রজন্মের ভাষাশৈলী আন্দোলনে আলাদা মাত্রা যোগ করে। পরে সেই আন্দোলনে যোগ দেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। তাঁর টানা ২৬ দিনের অনশন আন্দোলনকে নতুন গতি দেয়। তিনিই কার্যত এই বিক্ষোভের মুখ হয়ে ওঠেন। আন্দোলনের দাবি পুরণের পর অবস্থান উঠিয়ে নেন ককরোচ জনতা পার্টির সদস্যরা। তারপরই হাসপাতাল থেকে ছুটি নিয়ে রাজঘাটে শ্রদ্ধা নিবেদন করে লাদাখের উদ্দেশে রওনা দেবেন সোনম ওয়াংচুক।