গুরুতর অসুস্থ বিজেপির প্রবীণ নেতা তথা দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী। বুকে সংক্রমণের কারণে শুক্রবার সন্ধ্যায় নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। হাসপাতালের পালমোনারি বিভাগে চিকিৎসাধীন ৯৮ বছর বয়সি এই রাজনীতিক। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। চিকিৎসকদের একটি দল তাঁর শারীরিক পরিস্থিতির উপর নজর রাখছে।

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন আডবাণী। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বয়সের কথা মাথায় রেখে তাঁর চিকিৎসায় বিশেষ সতর্কতা অবলম্বন করছেন চিকিৎসকেরা। তবে ঠিক কী ধরনের সংক্রমণ হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।
গত কয়েক বছর ধরেই শারীরিক সমস্যার কারণে বার বার চিকিৎসাধীন হতে হয়েছে প্রবীণ বিজেপি নেতাকে। চলতি বছরের মে মাসেও একই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। কয়েক দিন চিকিৎসার পর বাড়ি ফেরেন তিনি। এ বার ফের হাসপাতালে ভর্তি হওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।
আডবাণীর দীর্ঘ রাজনৈতিক জীবনের স্বীকৃতি হিসাবে গত বছর তাঁকে ভারতরত্ন সম্মানে ভূষিত করে কেন্দ্রীয় সরকার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর বাড়িতে গিয়ে সম্মান তুলে দিয়েছিলেন প্রবীণ নেতার হাতে।
১৯২৭ সালে অবিভক্ত ভারতের করাচিতে জন্ম আডবাণীর। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবনের সূচনা। ১৯৮০ সালে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) গঠনের অন্যতম প্রধান কারিগর ছিলেন তিনি। পরবর্তী সময়ে দলের সংগঠন বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।
আডবাণীর রাজনৈতিক উত্থানের সঙ্গে জড়িয়ে রয়েছে অযোধ্যায় রামমন্দির আন্দোলনও। ১৯৯০ সালে তাঁর রথযাত্রা দেশজুড়ে রাজনৈতিক আলোড়ন তৈরি করেছিল। ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের উপপ্রধানমন্ত্রী ছিলেন তিনি। বিজেপির অন্যতম প্রধান মুখ হিসাবে কয়েক দশক ধরে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই প্রবীণ নেতা। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন অনুরাগী ও দলের কর্মীরা।