দিল্লির আন্দোলনের আঁচ এ বার কলকাতায়। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ঘিরে অনিয়মের অভিযোগ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মঙ্গলবার তিলোত্তমায় মিছিলের ডাক দিল কালীঘাট তৃণমূল।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত প্রস্তাবিত এই মিছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও হাঁটতে পারেন বলে তৃণমূলের প্রকাশিত প্রচারপত্রে ইঙ্গিত মিলেছে। তবে শেষ পর্যন্ত মিছিল হবে কি না, তা নির্ভর করছে পুলিশের অনুমতির উপর।
কালীঘাট তৃণমূলের তরফে প্রকাশিত প্রচারপত্রে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগ তোলা হয়েছে। দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করা এবং তরুণ প্রজন্মের উপর অত্যাচারের অভিযোগও তুলে ধরা হয়েছে সেখানে। এই সমস্ত ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছে তৃণমূল। সূত্রের খবর, এই কর্মসূচিতে যোগ দেওয়ার বার্তা ইতিমধ্যেই জেলায় জেলায় পাঠানো হয়েছে।
এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটে কারচুপির অভিযোগে দীর্ঘদিন ধরেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব বিরোধীরা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও ক্রমশ জোরালো হচ্ছে। সেই আবহেই সোমবার দিল্লিতে সুপ্রিম কোর্টের দিকে মিছিল করে ইন্ডিয়া জোট। রাহুল গান্ধী-সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি বিরোধী শিবিরের একাধিক নেতা ওই কর্মসূচিতে অংশ নেন। এসআইআর-এ কথিত অনিয়মের অভিযোগ তুলে শীর্ষ আদালতে আবেদন জানানোর পরিকল্পনাও রয়েছে তাঁদের।
এ বার সেই আন্দোলনের রেশ কলকাতায় ছড়িয়ে দেওয়ার উদ্যোগ কালীঘাট তৃণমূলের। তবে মঙ্গলবারের কর্মসূচি ঘিরে রয়েছে প্রশাসনিক জটিলতা। দুর্গাপুজোর আবহে ইতিমধ্যেই শহরের একাধিক মণ্ডপ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। বড় পুজোগুলিকে ঘিরে রাস্তায় ভিড় বাড়ছে। এই পরিস্থিতিতে রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিলের অনুমতি পুলিশ দেবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। মিছিল হলে যান চলাচলেও প্রভাব পড়তে পারে।
অনুমতি না মিললে তৃণমূলের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা এখনও স্পষ্ট নয়। ফলে মঙ্গলবারের প্রস্তাবিত মিছিল ঘিরে এখন নজর পুলিশের সিদ্ধান্তের দিকে।