মোদী-শাহের কাছে জবাব চাইলেন খাড়গে

‘অরুণাচলে ভারতীয় সেনার টহল বন্ধ করেছে চিন?’

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : ‘গালওয়ানের পরে এ বার অরুণাচল?’ চিনের বিরুদ্ধে অরুণাচল প্রদেশে আরও আগ্রাসনের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে জবাব চাইলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। শুক্রবার তাঁর দাবি, প্রকৃত নিয়ন্ত্রণরেখা (LAC)-র কাছে অরুণাচলের কিছু এলাকায় ভারতীয় সেনার টহলে চিন বাধা দিচ্ছে বলে যে খবর সামনে এসেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। যদিও এই দাবির বিষয়ে এখনও কেন্দ্রের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। সরকারি ভাবেও এমন কোনও ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়নি।

সমাজমাধ্যমে খাড়গে লেখেন, ‘‘গালওয়ানের পরে এ বার অরুণাচল? চিন অরুণাচলের আরও ভিতরের এলাকায় ঢোকার চেষ্টা করছে বলে উদ্বেগজনক খবর আসছে। মোদী সরকারের কাছে অবিলম্বে এর জবাব চাই।’’

২০২০ সালের গালওয়ান সংঘর্ষের প্রসঙ্গও টেনে এনেছেন কংগ্রেস সভাপতি। ওই সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান নিহত হয়েছিলেন। খাড়গের অভিযোগ, তার পরে প্রধানমন্ত্রী মোদী চিনকে ‘ক্লিন চিট’ দিয়েছিলেন, যা চিনের আগ্রাসনকে উৎসাহিত করেছে। তাঁর কটাক্ষ, সেই রেকর্ডের ভিত্তিতে কেন্দ্রের বক্তব্যে আস্থা রাখার কারণ নেই।

অরুণাচলের তাসিং এবং ‘শেরা-৫’ নামে নির্দিষ্ট একটি পেট্রোলিং পয়েন্ট নিয়েও প্রশ্ন তুলেছেন খাড়গে। তাঁর প্রশ্ন, শীতকালে ওই সংবেদনশীল এলাকায় ভারতীয় সেনার টহল কেন সীমিত হচ্ছে, যখন চিনা পিপলস লিবারেশন আর্মি (PLA) সারা বছর সেখানে উপস্থিত থাকছে বলে অভিযোগ? স্থানীয় মানুষের চলাফেরা ও শিকারের এলাকাও কি তাঁদের নাগালের বাইরে চলে যাচ্ছে?

খাড়গে আরও জানতে চেয়েছেন, ২০২০ সালের মে মাসের আগের পরিস্থিতি পূর্ব লাদাখে পুরোপুরি ফিরেছে কি না? তাঁর অভিযোগ, সীমান্ত পরিস্থিতি নিয়ে বিজেপি সরকার সংসদের কাছ থেকে তথ্য গোপন করছে।

এর আগে বৃহস্পতিবার রাহুল গান্ধীও অরুণাচলে ভারতীয় সেনার টহল বন্ধ করার অভিযোগ তুলেছিলেন। অন্য দিকে, বিদেশ মন্ত্রক জানিয়েছে, চিন সীমান্তের পরিস্থিতি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং LAC-তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখা দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিনও বুধবার জানিয়েছে, এই মুহূর্তে সীমান্ত পরিস্থিতি ‘সাধারণ ভাবে স্থিতিশীল’।