নদী থেকে লাগামছাড়া বালি উত্তোলনের জেরে বিপদের মুখে আসানসোলের দামোদর রেল সেতু! সেতুর নীচের অংশের বর্তমান অবস্থা দেখে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে নদী থেকে অতিরিক্ত বালি তোলার ফলে সেতুর পিলারের গোড়ার বালি সরে গিয়েছে। এমনকি সেতুর নীচের অংশ কার্যত উন্মুক্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে সেতুর স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন মন্ত্রী। দ্রুত বিশেষজ্ঞদের দিয়ে সেতুর স্বাস্থ্য পরীক্ষা করানোর দাবিও জানিয়েছেন তিনি।

ছোটন সেনগুপ্ত, নিজস্ব সংবাদদাতা
অগ্নিমিত্রার অভিযোগ, তৃণমূলের আমলে দামোদর নদ থেকে বিপুল পরিমাণ বালি চুরি হয়েছে। তার জেরেই সেতুর পিলারের আশপাশের মাটি ও বালি সরে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। তাঁর আশঙ্কা, এ ভাবে বালি উত্তোলন চলতে থাকলে সেতুর কাঠামোগত নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তাই শুধু সেতুর বর্তমান অবস্থা খতিয়ে দেখাই নয়, এর ভারবহন ক্ষমতা এবং দীর্ঘমেয়াদি স্থায়িত্ব কতটা রয়েছে, তা-ও পরীক্ষা করা প্রয়োজন।
এ দিন এই প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন, প্রায় দু’বছর আগেই তিনি বিষয়টি রেল কর্তৃপক্ষের নজরে এনেছিলেন। কিন্তু এখনও পরিস্থিতি নিয়ে তাঁর উদ্বেগ কাটেনি। তাঁর কথায়, ‘‘এখানে এত বালি চুরি হয়েছে যে সেতুর নীচের অংশ পুরো এক্সপোজ হয়ে গিয়েছে।’’

সেতুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এ বার রেল মন্ত্রককে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পুরমন্ত্রী। বিশেষজ্ঞদের দিয়ে দ্রুত পরিদর্শন এবং প্রয়োজনীয় পদক্ষেপের দাবিও জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
দামোদর রেল সেতু আসানসোলের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ফলে সেতুর কাঠামোগত নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ অগ্নিমিত্রা। যদিও সেতুর প্রকৃত অবস্থা এবং বালি উত্তোলনের ফলে তার উপর কতটা প্রভাব পড়েছে, তা জানতে বিশেষজ্ঞদের পরীক্ষার দিকেই তাকিয়ে থাকতে হবে।