বার্নপুরের রহমতনগরে অগ্নিমিত্রার গাড়ি ভাঙচুরের অভিযোগ। অগ্নিমিত্রা পালের পেছনে থাকা সংবাদমাধ্যমের গাড়ি আটকে দিলেন পুলিশ আধিকারিক।

ছোটন সেনগুপ্ত, নিজস্ব সংবাদদাতা : আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়ির উপর হামলা ও ভাঙচুরের অভিযোগ। বার্নপুরের রহমতনগরের ঘটনা। অভিযোগ ১৩৫ নম্বর বুথ এলাকায় পরিদর্শনে যেতেই তাঁর গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। গাড়ির পিছন থেকে পাথর ছোড়া শুরু হয়। কাচ ভেঙে যায়। তিনি সুস্থ আছেন। অগ্নিমিত্রার অভিযোগ,আগেও নির্বাচনে তাঁর গাড়ি ভাঙচুর হয়েছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ অগ্নিমিত্রার।

পুলিশের কর্তব্যরত আধিকারিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অগ্নিমিত্রা পাল। নির্বাচন কমিশন জানিয়েছিল কোন বিধায়ক কটা গাড়ি ব্যবহার করতে পারবেন, তারা কনভয় ব্যবহার করতে পারবেন কিনা। এসবকিছুর পরও কমিশনকে বুড়ো আঙুল দেখিয়েছেন অগ্নিমিত্রা পাল। অভিযোগ ৫টা গাড়ি নিয়ে ঘুরছিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।
অগ্নিমিত্রা পালের পেছনে থাকা সংবাদ মাধ্যমের গাড়ি আটকে দিলেন রানীগঞ্জের নিমচা ফাঁড়ির আইসি নাসরিন সুলতানা। তিনি জানিয়ে দেন, প্রার্থীর সঙ্গে ৩ টের বেশি গাড়ি থাকবে না। অগ্নিমিত্রা জানান তিনি মাত্র ২টি গাড়ি নিয়ে ঘুরছেন। তাই তাঁকে আটকাতে পারবে না পুলিশ। তাঁর গাড়ির পিছনে পেছনে সংবাদ মাধ্যমের গাড়ি রয়েছে। অন্যদিকে সংবাদমাধ্যম স্বতন্ত্র। তাঁদের কাজে বাধা দেওয়ার এক্তিয়ারও নেই রাজ্য পুলিশের।
ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে রানীগঞ্জ পঞ্চায়েতের গ্রামীণ এলাকাগুলিতে ঘুরছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রা ও তাঁর সিকিউরিটি সহ দুটি গাড়ি। পেছনে ছিল সংবাদমাধ্যমের গাড়ি। নিমচা ফাঁড়ির আইসি নাসরিন সুলতানা অগ্নিমিত্রাকে জানান, ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী এত গাড়ি নিয়ে ঘোরা যাবে না। এই নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ান তিনি। অগ্নিমিত্রা পাল্টা প্রশ্ন করেন, কোথায় সেই নিয়ম? কোনও কাগজ দেখাতে পারেনি রাজ্য পুলিশ। নিমচা কলিয়ারী হিন্দি প্রাইমেরি স্কুলের বাইরে এই ঘটনায় ভিড় জমে যায় বুথের ১০০ মিটারের মধ্যে। তখন দেখা যায় রাজ্য পুলিশও নেই। পরিস্থিতি বেগতিক দেখে এলাকায় আসে পুলিশ। জমায়েত হঠিয়ে দেয় তাঁরা। যদিও নিমচা ফাঁড়ির ইনচার্জ নাসরিন সুলতানা জানিয়েছেন কোনও সংবাদমাধ্যমের গাড়ি আটকানো হয়নি। বিজেপি প্রার্থীর সঙ্গে ৫টি গাড়ি ছিল বলেও তাঁকে আটকানো হয়েছে।