অক্ষয় কুমারের আগামী ছবি ‘সামুক’-এর ফার্স্ট লুক প্রকাশ্যে এল। ছবির প্রথম ঝলক দেখে মনে করা হচ্ছে, এটি হতে চলেছে এক টানটান অ্যাকশন থ্রিলার। যেখানে এক রহস্যময় এবং ভয়ংকর প্রাণীর বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে অভিনেতাকে। ছবির প্রথম ঝলকেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
ছবির প্রথম ঝলকের সঙ্গে নির্মাতারা একটি আকর্ষণীয় বার্তাও দিয়েছেন। সেখানে লেখা হয়েছে, “শত্রু মানুষ নয়। কিন্তু লড়াইটা মানবজাতিকে বাঁচানোর জন্য। আর পিছিয়ে আসার কোনও সুযোগ নেই।”প্রকাশিত ঝলকে দেখা যাচ্ছে, এক অজানা প্রাণীকে খুঁজে বের করার মিশনে নেমেছেন অক্ষয় কুমার। মানুষ ও দানবের মধ্যে ভয়ংকর লড়াইয়ের ইঙ্গিত মিলেছে এই ঝলকে। তবে ছবির গল্প এবং ওই রহস্যময় প্রাণীটি সম্পর্কে বিস্তারিত কিছু এখনও প্রকাশ করেননি নির্মাতারা। প্রথম ঝলকে অক্ষয়কে দেখা যাচ্ছে গাঢ় রঙের স্যুট পরে হাতে একটি শক্তিশালী আগ্নেয়াস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকতে। চারপাশে ঘন কুয়াশায় ঢাকা জঙ্গল। সেখানে কোনও অদৃশ্য লক্ষ্যবস্তুর দিকে বন্দুক তাক করেছেন তিনি।
এরপরই সামনে আসে সেই রহস্যময় প্রাণীর ভয়ংকর চেহারা। তার মুখমণ্ডল বেশ কুৎসিত ও আতঙ্কজনক। বিশাল চোয়াল, ধারালো দাঁত এবং মুখ থেকে গড়িয়ে পড়ছে কালচে আঠালো তরল। সব মিলিয়ে ছবির প্রথম ঝলকে রহস্য ও আতঙ্কের আবহ তৈরি করেছেন নির্মাতারা। অক্ষয় কুমারের পাশাপাশি এই ছবিতে অভিনয় করছেন রুক্মিণী মৈত্র, ভিনীত কুমার সিং, বানিতা সান্ধু এবং রজত কাপুর। সানশাইন পিকচার্সের ব্যানারে তৈরি এই ছবিটি ২০২৭ সালের ২৮ মে মুক্তি পাওয়ার কথা।