আবহবিদদের পূর্বাভাসকে সত্যি করে মঙ্গলবার ভোরে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হল ‘আকভান’। সময়ের সঙ্গে সঙ্গে আরও শক্তি সঞ্চয় করে আগামী কয়েক দিনের মধ্যেই স্থলভাগের দিকে এগিয়ে আসতে পারে এই ঘূর্ণিঝড়। আবহাওয়ার বর্তমান গতিপ্রকৃতি অনুযায়ী, আগামী ২০ নভেম্বর, শুক্রবার অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে আকভানের। এর প্রভাবে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সেই প্রভাব থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা কম বাংলার উপকূলবর্তী জেলাগুলিরও। হাওয়া অফিসের পূর্বাভাস, বুধবার থেকেই রাজ্যের উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি শুরু হতে পারে। ফলে ঘূর্ণিঝড়ের প্রভাবে শীতের আমেজ আসতে আরও কিছুটা দেরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
পুজোর মরশুম শেষ হওয়ার পর থেকেই বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণাবর্তের সৃষ্টি হচ্ছে। তার প্রভাবও পড়ছে বাংলার আবহাওয়ায়। ‘অর্ণব’ ও ‘মুরাসু’র পর এবার নতুন করে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’। যদিও এই ঘূর্ণিঝড়ের সরাসরি বাংলার উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা নেই। আবহবিদদের অনুমান, মঙ্গলবার তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও টুনি সংলগ্ন উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। সেই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।
তবে স্থলভাগে আছড়ে পড়ার আগেই আকভানের প্রভাব অনুভূত হতে শুরু করবে বাংলায়। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে বৃষ্টির দাপট বাড়তে পারে। কয়েকটি এলাকায় বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।
আকভান’ নামটির উৎপত্তি ইরানে। শব্দটির অর্থ অশুভ শক্তি। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার থেকেই বাংলার আবহাওয়ায় বদল আসার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা এবং হাওড়ার কয়েকটি এলাকায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা।
বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি রাজ্যের সব জেলাতেই দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও সতর্ক করা হয়েছে। তবে আপাতত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে কোনও বিশেষ নিষেধাজ্ঞা জারি করেনি হাওয়া অফিস। অন্যদিকে, উত্তরবঙ্গের আবহাওয়াতেও সাময়িক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের পাঁচ জেলায় হালকা বৃষ্টি হতে পারে। এরপর থেকে পরিস্থিতির উন্নতি হয়ে আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস রয়েছে।