আকভান’ আতঙ্ক! উপকূলজুড়ে মাইকিং, বাড়ছে সতর্কতা

বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’। শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে আসছে এই ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকাগুলিতে ইতিমধ্যেই আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিও। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাব মোকাবিলায় সতর্ক প্রশাসন। বিশেষ নজরদারি শুরু হয়েছে নামখানা, ফ্রেজারগঞ্জ, বকখালি-সহ জেলার উপকূলবর্তী এলাকাগুলিতে।

বিশ্বজিত নস্কর, নিজস্ব সংবাদদাতা

আবহাওয়ার এই পরিবর্তনে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে উপকূলের বাসিন্দা থেকে শুরু করে মৎস্যজীবীদের মধ্যে। সমুদ্রে ঘূর্ণিঝড়ের প্রভাবে ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সমুদ্র উত্তাল হয়ে ওঠার সম্ভাবনাও রয়েছে। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের নিরাপত্তার কথা মাথায় রেখে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রলার কিংবা ছোট নৌকা নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রশাসনের তরফে মৎস্যজীবীদের সতর্ক থাকার পাশাপাশি সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনার অন্যতম গুরুত্বপূর্ণ মৎস্য বন্দর নামখানা ও ফ্রেজারগঞ্জে বাড়ানো হয়েছে নজরদারি।

বকখালি উপকূলেও সতর্ক রয়েছে প্রশাসন। বিভিন্ন ঘাটে বাঁধা ট্রলার ও মাছ ধরার নৌকাগুলিকে নিরাপদ জায়গায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি ট্রলার ও নৌকাগুলিকে শক্ত করে বেঁধে রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ঝোড়ো হাওয়া কিংবা উত্তাল ঢেউয়ের কারণে কোনও দুর্ঘটনা না ঘটে।উপকূলবর্তী এলাকায় পুলিশি টহলও বাড়ানো হয়েছে। মৎস্য বন্দর এবং নদীঘাটগুলিতে নজর রাখছেন পুলিশকর্মীরা। সমুদ্রে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এমন মৎস্যজীবীদেরও সতর্ক করা হচ্ছে। প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।


অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার পর্যটন কেন্দ্রগুলিতেও বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বকখালি, ফ্রেজারগঞ্জ-সহ বিভিন্ন সমুদ্র উপকূলবর্তী পর্যটন এলাকায় নজরদারি চালাচ্ছে প্রশাসন। পর্যটকদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করা হতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী সময়ে আবহাওয়ার পরিস্থিতি কোন দিকে যায়, সেদিকেই নজর রয়েছে প্রশাসন থেকে শুরু করে উপকূলের বাসিন্দাদের। বিশেষ করে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ মেনে চলার উপর জোর দেওয়া হচ্ছে। আপাতত ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাব মোকাবিলায় সতর্ক দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকা। সমুদ্রের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সতর্কতা বজায় রাখাই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য।