কুণালকে হামলা, সরব মমতা!

কুণালকে হামলার অভিযোগ, বিজেপি ও পুলিশকে নিশানা মমতার, ‘পরিস্থিতি উদ্বেগজনক’।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে যাওয়ার পথে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে ডিম ও পাথর ছোড়ার অভিযোগ ঘিরে সরব হলেন তৃণমূলনেত্রী। শনিবারের এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকার, পুলিশ প্রশাসন এবং বিজেপিকে নিশানা করেন মমতা। তাঁর অভিযোগ, আদালতের অনুমতি থাকা সত্ত্বেও তৃণমূলের সভায় যাওয়ার পথে কর্মী-সমর্থকদের বাধা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন তিনি।

মমতা বলেন, ‘‘আজকের মিটিংটার জন্য আদালতের থেকে অনুমতি নেওয়া হয়েছে। আমাদের বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না। নজরবন্দি করে রেখেছে। আফ্রিকান দেশগুলোতেও এমন হয় না।’’ তাঁর অভিযোগ, বিজেপির কর্মী-সমর্থকেরা রাস্তা অবরোধ করে রেখেছেন এবং সেখানে পুলিশের উপস্থিতি দেখা যাচ্ছে না।

কুণাল ঘোষের গাড়িতে হামলার প্রসঙ্গ তুলে তৃণমূলনেত্রী বলেন, ‘‘আমাদের বিধায়ক কুণাল ঘোষকে হামলা করেছে। জিটি রোড থেকে শুরু করে উত্তরপাড়া—কাউকে যেতে দেওয়া হচ্ছে না।’’ এই পরিস্থিতিকে গণতন্ত্রের পক্ষে ‘শুভ লক্ষণ’ নাকি ‘অশনি সংকেত’, সেই প্রশ্নও তোলেন তিনি।

বিজেপির উদ্দেশে মমতার প্রশ্ন, ‘‘তোমরা যদি সত্যিই মানুষের ভোটে জিতে থাকো, তা হলে বিরোধীদের কেন মিটিং-মিছিল করতে দেওয়া হচ্ছে না?’’ তাঁর দাবি, সভার জন্য পুলিশি অনুমতি না মেলায় তৃণমূলকে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। আদালতের অনুমতি পাওয়ার পরেও কেন বাধার মুখে পড়তে হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও তীব্র আক্রমণ শানান মমতা। তাঁর অভিযোগ, পুলিশের মদতেই এই ধরনের ঘটনা ঘটছে। তিনি বলেন, ‘‘পুলিশের কাজ মানুষকে, আইনশৃঙ্খলাকে রক্ষা করা। বাংলায় অশান্তি তৈরি করবেন না।’’

পরিস্থিতি ‘উদ্বেগজনক’ হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তৃণমূলনেত্রী। তাঁর অভিযোগ, রাজ্যে কথা বলার এবং কাজ করার স্বাধীনতা নেই। এমনকি আদালতের নির্দেশও মানা হচ্ছে না বলে দাবি করেন তিনি। মমতার কথায়, অন্তত পুলিশের উচিত আদালতের নির্দেশ মেনে চলা।

কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই মমতা ফের আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।