ফের নাবালিকাকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগ বারুইপুরে

তৃণমূল সদস্যের ভাইপোর বিরুদ্ধে বারুইপুর থানায় লিখিত অভিযোগ জানাল নাবালিকার পরিবার।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : বারুইপুর থানা এলাকায় এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী নাবালিকাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করা এবং বাড়িতে ঢুকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগ উঠল এক তৃণমূল সদস্যের ভাইপোর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নাবালিকার পরিবারের সদস্যরা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বারুইপুর থানা এলাকার তৃণমূল সদস্য মোমিন পৈলানের ভাইপো আকাশ পৈলান দীর্ঘদিন ধরে ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে বিরক্ত ও উত্ত্যক্ত করত বলে অভিযোগ। অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে আকাশ পৈলান ওই পরীক্ষার্থীর বাড়িতে ঢুকে তাকে যৌন নির্যাতনের চেষ্টা করে।

অভিযোগ, ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী চিৎকার-চেঁচামেচি শুরু করলে তার মা পাশের বাড়ি থেকে ছুটে আসেন। পরে নাবালিকার মা বাড়ির ছাদে উঠতেই অভিযুক্ত আকাশ পৈলান তাঁর উপরও চড়াও হয় বলে পরিবারের দাবি।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। পরে নাবালিকার পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা বারুইপুর থানায় গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত আকাশ পৈলান বা তৃণমূল সদস্য মোমিন পৈলানের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। পুলিশের তদন্তে ঘটনার প্রকৃত তথ্য সামনে আসবে বলে মনে করা হচ্ছে।