আবাস যোজনায় তোলাবাজির অভিযোগ

বারুইপুর থানায় লিখিত অভিযোগ প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের চাকারবেড়িয়া এলাকার ১৬৯-১৭০ পার্টে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ উঠেছে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যা আলেয়া বিবির স্বামী মনিরুল সরদারের বিরুদ্ধে। অভিযোগ, সরকারি আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কারও কাছ থেকে ৮ হাজার, আবার কারও কাছ থেকে ১০ হাজার টাকা নেওয়া হয়েছে।
এলাকাবাসীর দাবি, যাঁদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল তাঁদের মধ্যে কেউ কেউ আবাস যোজনার ঘর পেলেও অনেকেই এখনও ঘর পাননি। অভিযোগ, টাকা দিতে অস্বীকার করলে আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ দেওয়ার হুমকিও দেওয়া হতো। পাশাপাশি, অভিযুক্তের আত্মীয়-স্বজনেরা আবাস যোজনার ঘর পেয়েছেন বলেও অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার প্রতিবাদে বুধবার বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এলাকার বাসিন্দা রাকিব মোল্লা, নাসির মোল্লা ও নুর ইসলাম মণ্ডল। তাঁদের দাবি, পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক।
এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতা চন্দন মণ্ডল বলেন, আবাস যোজনার নামে সাধারণ মানুষের কাছ থেকে তোলা টাকা অবিলম্বে ফেরত দিতে হবে এবং অভিযুক্ত মনিরুল সরদারকে গ্রেফতার করতে হবে। অভিযোগের ভিত্তিতে বারুইপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত মনিরুল সরদারের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।