জলাশয় ভরাট-অবৈধ নির্মাণের অভিযোগ

নগরোন্নয়ন দফতরে চিঠি বিজেপির

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : জলাশয় ভরাট করে প্লটিং, অবৈধ বহুতল নির্মাণ ও জমি জবরদখলের অভিযোগ তুলে নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দফতরে লিখিত অভিযোগ জমা দিল বিজেপি। অভিযোগের তির বারুইপুর পৌরসভার তৃণমূল চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও কাউন্সিলরদের দিকে।

বারুইপুর পশ্চিম ১ নম্বর মণ্ডলের সভাপতি অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী চিঠিতে অভিযোগ করেছেন, বিগত ১৫ বছর ধরে তৃণমূলের চেয়ারম্যান-কাউন্সিলরদের প্রত্যক্ষ মদতে অসাধু প্রোমোটার ও জমি হাঙররা রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে বারুইপুরের বিভিন্ন জলাশয়, পুকুর, ডোবা ভরাট করে জোরপূর্বক জমি দখল করছে। জমির চরিত্র পরিবর্তন না করেই বহুতল নির্মাণ চলছে, যা এখনও চলছে বলে দাবি।

চিঠিতে আরও বলা হয়, প্রোমোটাররা তৃণমূলের চেয়ারম্যান-কাউন্সিলরদের টাকা দিয়ে আইন বহির্ভূতভাবে প্ল্যান স্যাংশন, অতিরিক্ত কভারেজ, অনুমতি ছাড়া ফ্লোর বাড়ানো-সহ শাস্তিযোগ্য অপরাধ করছে। বারুইপুর মিউনিসিপ্যালিটির রেকর্ডভুক্ত জলাশয় ভরাট করে প্লট বিক্রি ও বহুতল নির্মাণ পরিবেশ ও জনজীবনের জন্য ক্ষতিকর বলেও উল্লেখ করা হয়েছে।

চেয়ারম্যানের প্রতিক্রিয়া
সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বারুইপুর পৌরসভার চেয়ারম্যান শক্তি রায় চৌধুরী। তিনি বলেন, “দফতর থেকে চিঠি বা জানতে চাইলে আমি তার উত্তর নিশ্চয়ই দেব। এই চেয়ারটি আমার কাছে অত্যন্ত পবিত্র। বারুইপুরবাসী শক্তি রায় চৌধুরীকে চেনে।”

বাম নেতার দাবি
বাম নেতা সমীর মান্নার কথায়, “তৃণমূলের আমলে সবকিছুই বেআইনিভাবে হয়েছে। পুকুর ভরাট থেকে শুরু করে একাধিক অনৈতিক কাজ হয়েছে এই পৌরসভায়। রাজ্যে পালাবদল হয়েছে, আমরা আশা করব এইসব দুর্নীতির সঙ্গে যুক্ত নেতাদের বিরুদ্ধে সরকার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।”

নগরোন্নয়ন দফতর অভিযোগপত্রটি ‘Received’ সিল দিয়ে গ্রহণ করেছে। তদন্তের পর কী ব্যবস্থা নেওয়া হয়, সেদিকেই নজর বারুইপুরবাসীর।