বিরোধীদের মিছিলের প্রচারের আলোয় বাম ছাত্রনেত্রী নেহা বোরাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কংগ্রেসের ছাত্র ও যুব সংগঠনের একাংশের মধ্যে এমন অসন্তোষ তৈরি হয়েছে বলে খবর। সেই আবহে এ বার দলের তরুণ নেতা-কর্মীদের কড়া বার্তা দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর বক্তব্য, কৃতিত্বের ভাগ পাওয়ার জন্য যদি কেউ কংগ্রেস করেন, তবে তিনি ভুল দলে রয়েছেন। সংগঠনের স্বার্থে কাজ করাটাই যে আসল, তা-ই মনে করিয়ে দিয়েছেন তিনি।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
গত ১২ অক্টোবর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এ অনিয়মের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে সুপ্রিম কোর্টের দিকে মিছিল করেছিল বিরোধী ‘ইন্ডিয়া’ জোট। সেই মিছিলে বাম ছাত্র সংগঠন এআইএসএ-র সর্বভারতীয় সভানেত্রী নেহা বোরার উপস্থিতি এবং তাঁকে দেওয়া গুরুত্ব নিয়ে কংগ্রেসের ছাত্র ও যুব সংগঠনের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল বলে সূত্রের খবর।
এই পরিস্থিতিতে কংগ্রেসের সদর দফতরে ভারতীয় যুব কংগ্রেস, ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া (এনএসইউআই) এবং সেবাদলের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেন রাহুল। উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সংগঠনের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল, প্রিয়ঙ্কা গান্ধী বঢরা-সহ অন্য নেতারা।

বৈঠকে রাহুল বলেন, কংগ্রেস কয়েক দশক ধরে দেশের জন্য কাজ করলেও সব সময় সেই কাজের কৃতিত্ব দাবি করেনি। দলের ভিতরেও ব্যক্তিগত কৃতিত্বের প্রত্যাশা না রাখার বার্তা দেন তিনি। সাম্প্রতিক বিক্ষোভে পুলিশি পদক্ষেপ এবং নেতা-কর্মীদের ভোগান্তির প্রসঙ্গ তুলে তাঁর বক্তব্য, এই অভিজ্ঞতা তাঁদের আরও শক্তিশালী করবে। এমনকি, ভাঙা পা শুধু চিকিৎসার জরুরি বিষয় নয়, বরং তা হৃদয়ে গর্বের চিহ্ন হিসাবেও বহন করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
তরুণ নেতা-কর্মীদের উদ্দেশে রাহুল আরও বলেন, ছাত্র ও যুব সংগঠন নেতৃত্ব, শৃঙ্খলা, আত্মত্যাগ এবং প্রতিকূলতার মুখে লড়াই করার সাহস শেখায়। অন্য দিকে, প্রিয়ঙ্কা মনে করিয়ে দেন, নেতা-কর্মীদের আচরণ ও কাজের মধ্যেই দলের মূল্যবোধ প্রতিফলিত হয়। তাঁরা শুধু নিজেদের নয়, গোটা দলের প্রতিনিধিত্ব করছেন—এই দায়িত্বও মাথায় রাখতে হবে।