প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসাবে টানা ২৫ বছরের রাজনৈতিক যাত্রাকে ‘ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে সোনালি ও যুগান্তকারী দিন’ বলে অভিহিত করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার হরিয়ানার গুরুগ্রামে ‘বিকশিত ভারত সংকল্প সভা—সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মোদীর দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রশংসা করেন তিনি।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
অমিত শাহ বলেন, ৭ অক্টোবর ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে একটি বিশেষ দিন। অতি সাধারণ পরিবার থেকে উঠে এসে নিজের যোগ্যতা ও দক্ষতার জোরে এবং কোটি কোটি মানুষের সমর্থনে একজন ব্যক্তি টানা ২৫ বছর মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসাবে দেশ ও রাজ্যের দায়িত্ব সামলেছেন। সেই ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মোদীর ২৫ বছরের প্রশাসনিক যাত্রাকে স্মরণীয় করে রাখতে দেশের প্রতিটি জেলায় ‘সেবা জ্যোতি যাত্রা’ আয়োজন করা হয়েছে বলেও জানান শাহ। গুরুগ্রামের অনুষ্ঠানে তিনি জানান, নির্দিষ্ট একটি স্থান থেকে তরুণদের একটি দল মশাল নিয়ে যাত্রা করে অনুষ্ঠানস্থলের কাছে পৌঁছবে। সর্বাধিক সংখ্যায় সাধারণ মানুষকে সেই যাত্রায় যোগ দেওয়ার আহ্বান জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি-সহ বিজেপির একাধিক নেতা।
এর আগে দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে ‘সেবা জ্যোতি’ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নিজেও। দলের কর্মী ও স্বয়ংসেবকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোদী বলেন, তিনি কখনও নিজেকে একা মনে করেননি। দেশের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় অসংখ্য স্বয়ংসেবক ও কর্মী নিরন্তর কাজ করে চলেছেন। তাঁদের মূল মন্ত্র, ‘আমরা সেবক, আমরা মানবতার সেবক।’
দলের কর্মীদের নিষ্ঠা ও আত্মত্যাগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভারতকে সেবা করাই তাঁদের একমাত্র লক্ষ্য। দেশসেবায় নিয়োজিত প্রত্যেক স্বয়ংসেবক ও কর্মীকে কুর্নিশ জানান তিনি।
২০০১ সালের ৭ অক্টোবর গুজরাতের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন মোদী। ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর টানা তিন দফায় সেই দায়িত্বে রয়েছেন তিনি। বুধবারই মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী মিলিয়ে সরকারের শীর্ষে তাঁর ২৫ বছর পূর্ণ হল।