পুজোয় বাংলা সফরে অমিত শাহ

পুজোর আবহে দু’দিনের সফরে বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ১৭ ও ১৮ অক্টোবর কলকাতা ও হাওড়ার একাধিক জায়গায় যাওয়ার কথা তাঁর। সফরসূচিতে রয়েছে বেলুড় মঠ এবং কলকাতার বেশ কয়েকটি দুর্গাপুজো মণ্ডপ। রাজনৈতিক কর্মসূচির বদলে এ বারের সফরে ধর্মীয় ও পুজো-পরিক্রমার উপরেই গুরুত্ব দেওয়া হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

সফরসূচি অনুযায়ী, ১৭ অক্টোবর, শনিবার রাত ৮টা ১০ মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর কথা শাহের। সেখান থেকে সড়কপথে আলিপুরের সৌজন্যে যাবেন তিনি। ওই আবাসনেই তাঁর রাত্রিবাসের ব্যবস্থা রাখা হয়েছে।

পর দিন, ১৮ অক্টোবর রবিবার সকাল ১১টা ১৫ মিনিট থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত বেলুড় মঠ দর্শনের জন্য সময় বরাদ্দ রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। হাওড়ার এই ধর্মীয় প্রতিষ্ঠানে যাওয়ার পরে বালির দেশবন্ধু ক্লাবের দুর্গাপুজো মণ্ডপে যাওয়ার কথা তাঁর।

এর পর কলকাতায় ফিরে একে একে কয়েকটি গুরুত্বপূর্ণ পুজো মণ্ডপ পরিদর্শন করবেন শাহ। তালিকায় রয়েছে চেতলার ২৪ পল্লি, শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো এবং লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো। কলকাতার ঐতিহ্যবাহী বনেদি বাড়ির পুজো থেকে শুরু করে বড় বাজেটের থিমপুজো— সব ধরনের আয়োজনই রয়েছে তাঁর সম্ভাব্য পরিক্রমার তালিকায়।

সফরসূচি অনুযায়ী, রবিবার বিকেলেই কলকাতা থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

বাংলার দুর্গাপুজোকে কেন্দ্র করে শাহের এই সফর রাজনৈতিক মহলেও নজর কাড়তে পারে। তবে এখনও পর্যন্ত প্রকাশিত সূচিতে কোনও দলীয় বৈঠক বা রাজনৈতিক কর্মসূচির উল্লেখ নেই। সফরের সময়সূচিতে পরিবর্তন হয় কি না, সে দিকেও নজর থাকবে।